ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় বন্দর মার্সেইয়ে নোঙ্গর করা একটি ফেরির তলদেশে বিস্ফোরণ অনুভূত হওয়ার পর এর সকল যাত্রীদের সরিয়ে নেয়া হয়েছে। এটি যুদ্ধকালীন কোন পুরনো বোমার বিস্ফোরণ কিনা কর্তৃপক্ষ তা তদন্ত করে দেখছে।
গত সপ্তাহে ফ্রান্সের একটি গির্জায় এক যাজককে হত্যা ও নিসে বাস্তিল দিবসে ট্রাকে পিষ্ট করে ৮৪ জনকে হত্যার পর দেশটি সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।
কর্মকর্তারা বলেন, ফেরির সকল যাত্রীকে ইতোমধ্যেই সরিয়ে নেয়া হয়েছে। বিস্ফোরণে জাহাজ বা পোতাশ্রয়ের কোন ক্ষতি হয়নি।
মার্সেই বন্দর কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, ‘ফেরিটি পোর্তো ভেচিও থেকে এই বন্দরে ভেড়ার পর জাহাজ কোম্পানি কোর্সিকা লিনেয়ার ফেরি জ্যাঁ নিকোলি থেকে সকল যাত্রীকে সরিয়ে ফেলা সম্পন্ন হয়েছে। পানির নিচে এক বিস্ফোরণে ফেরিটি কেঁপে উঠার পর যাত্রীদের সরিয়ে নেয়া হয়।’
মার্সাইয়ের ডেপুটি প্রেসিকিউটর জ্যাঁ জ্যাক ফ্যাগনি বিস্ফোরণের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে এই বিস্ফোরণে কোন জানমালের কোন ক্ষতি হয়নি।’-এএফপি
