দক্ষিণ কোরিয়ার অনেক সরকারি কর্মকর্তার ই-মেইল উত্তর কোরিয়া হ্যাক করেছে বলে সিউলের প্রসিকিউটররা ধারণা করছেন। পিয়ংইয়ংয়ের সন্দেহজনক ধারাবাহিক সাইবার হামলার ক্ষেত্রে এটি ছিল সর্বশেষ ঘটনা। সোমবার দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ একথা জানায়।
সুপ্রিম প্রসিকিউটর দপ্তরের বরাত দিয়ে ইয়োনহাপ জানায়, তদন্তে দেখা যায়, উত্তর কোরিয়ার একটি গ্রুপ জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র, প্রতিরক্ষা ও একত্রিকরণ মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তাসহ ৫৬ জনের ই-মেইল পাসওয়ার্ড চুরি করে। এ ব্যাপারে প্রসিকিউটর দপ্তরের কোন মন্তব্য পাওয়া যায়নি। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ কোন তথ্য চুরি হয়েছে কিনা তা জানতে এখনো তদন্ত অব্যাহত রয়েছে।
দক্ষিণ কোরিয়ার অনলাইন শপিং মল ইন্টারপার্কের একটি গ্রাহকের ব্যক্তিগত তথ্য উত্তর কোরিয়া চুরি করেছে দক্ষিণ কোরিয়া পুলিশ একথা জানানোর মাত্র একদিন পর সর্বশেষ এ সাইবার হামলা চালানো হয়। ১১ জুলাই পর্যন্ত এ হামলার ব্যাপারে ইন্টারপার্ক কিছু জানতো না। দক্ষিণ কোরিয়ার জাতীয় পুলিশ সংস্থার অভিযোগ, উত্তর কোরিয়ার গোয়েন্দা সংস্থা রিকোনাইসন্স জেনারেল ব্যুরো এ হামলার সাথে জড়িত। এরআগেও উত্তর কোরিয়া অনলাইন হামলায় তারা একই কোড ও ইন্টারনেট প্রটোকল অ্যাড্রেস ব্যবহার করে। -এএফপি
