মোদীর মানসিক ভারসাম্য নিয়ে বিরোধীদের প্রশ্ন

আপডেট : ০১ আগস্ট ২০১৬, ২১:১৯
ভারতের আম আদমি পার্টির এমএলএ শারদ চৌহানকে গ্রেফতারের পর ক্ষুব্ধ দলটির পক্ষ থেকে বলা হয়েছে- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মানসিক ভারসাম্য হারিয়েছেন। এনিয়ে ১২ জন আম আদমি পার্টির এমএলএকে গ্রেফতার করা হলো। আম আদমি পার্টি মোদীকে প্রশ্ন করেছে- তার মানসিক ভারসাম্য কি ঠিক আছে? তার হাতে কি দেশ নিরাপদ?
 
আম আদমি নেতা আশিষ খেতান বলেছেন, মোদী প্রতিটি মুহূর্ত রাজনৈতিক প্রতিপক্ষকে দমনের চিন্তায় ব্যয় করেন। তিনি আরো বলেন, আমার মনে হয় তিনি রাষ্ট্র পরিচালনার জন্য সম্পূর্ণ অযোগ্য। মোদী যেভাবে তার হিংসাত্মক রাজনীতির রাজত্ব চালাচ্ছে ভারতের জন্য তা ভয়ংকর। তিনি পরিকল্পিতভাবে রাজনৈতিক প্রতিপক্ষকে হামলার লক্ষ্যে পরিণত করছেন।
 
ক্ষমতাসীন দলের এক নারী কর্মীর আত্মহত্যার ঘটনায় আম আদমি নেতা শারদ চৌহানকে গ্রেফতার করা হয়েছে। আম আদমি নেতা আশুতোষ বলেন, স্বাস্থ্য ও শিক্ষা খাতে ভালো কাজের জন্য আম আদমি পার্টিকে প্রশংসা করার বদলে দলটির নেতাদের জেলে পাঠাচ্ছেন মোদী। -এনডিটিভি