বঙ্গবন্ধু হত্যার সাথে জড়িত দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন করার জন্য একটি স্বাধীন কমিশন গঠন করতে সরকারের কাছে প্রস্তাব দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু সমাজকল্যান পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় এ প্রস্তাব দেন তিনি।
তিনি বলেন, পচাত্তরের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে যারা প্রত্যক্ষভাবে হত্যা করেছে শুধু তাদেরকেই বিচারের আওতায় আনা হয়েছে। কিন্তু এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল তাদের মুখোশ এখনো উন্মোচিত হয় নি।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্রের সাথে যে দেশি-বিদেশি চক্রের হাত ছিল তাদের মুখোশ উন্মোচন করতে হবে। এজন্য তিনি সরকারের কাছে একটি স্বাধীন কমিশন গঠন করার প্রস্তাব দেন।
এসময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাংসদ খালিদ মাহমুদ চৌধুরী, ঢাবি উপাচার্যের সাথে একমত পোষণ করে বলেন, বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্রকারীদের এখন পর্যন্ত বের করতে পারিনি বলেই আজ গুলশানের হলি আর্টিসান ও শোলাকিয়ার মত জঙ্গি হামলার ঘটনা ঘটছে। দেশের বিভিন্ন স্থানে জঙ্গিবাদ মাথা চাড়া দিয়ে ওঠছে। তাই অবিলম্বে একটি স্বাধীন কমিশন গঠন করে বঙ্গবন্ধু হত্যার নীলনকশাকারীদের খুজে বের করতে হবে।
তিনি বলেন, পচাত্তরের নীলনকশারীদের খুজে বের করতে পারলেই বাংলাদেশ এগিয়ে যাবে। দেশে আর কোন জঙ্গি হামলার ঘটনা ঘটবে না।
পরিষদের সভাপতি সাংসদ ড. মো. শামছুল হক ভূঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় আরো অংশ নেন অর্থ ও পরিকল্পনা বিষয়ক প্রতিমন্ত্রী এম এ মান্নান, , চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মো. ইফতেখার উদ্দীন চৌধুরী, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জিনবোধি ভিক্ষু, ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স।
