চবি ছাত্রলীগের ২৬১ সদস্য বিশিষ্ট সংশোধিত কমিটি ঘোষণা

আপডেট : ০২ আগস্ট ২০১৬, ০৯:৫০
হান্নান সাব্বির নামের এক ছাত্রলীগ নেতাকে সহ-সভাপতি করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের ২৬১ সদস্যের সংশোধিত কমিটি ঘোষণা করা হয়েছে। এর আগে গত রবিবার রাতে ২৬০ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়। তবে প্রিন্টিং সমস্যার কারণ উল্লেখ করে সোমবার সন্ধ্যায় ২৬১ সদস্য বিশিষ্ট এ সংশোধিত কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ।
 
এ বিষয়ে নিশ্চিত করে কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক মো. দেলোয়ার হোসেন শাহজাদা ইত্তেফাককে জানান, ‘গত রবিবার ভূলবশত আব্দুল হান্নান সাব্বিরের নাম বাদ পড়ে যায়। পরে এ বিষয়ে সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে আলোচনা করে তাকে কমিটিতে স্থান দিয়ে ২৬১ সদস্যের কমিটি পূর্ণাঙ্গ করা হয়।’
 
প্রসঙ্গত, গত ১৮ জুলাই আলমগীর টিপুকে সভাপতি ও ফজলে রাব্বী সুজনকে সাধারণ সম্পাদক করে চবি ছাত্রলীগের ২০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এ কমিটি ঘোষণার পর পরই দু‘পক্ষের পদবঞ্চিত নেতা-কর্মীরা আন্দোলনে নামে। পরে আন্দোলন তীব্রতা পেলে সৃষ্ট এ সমস্যা দুর করতে চট্টগ্রামে ছুটে আসেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন। তারা এ বিষয়ে আন্দোলনকারীদেরকে নিয়ে মহানগর আওয়ামীলীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী ও সিটি মেয়র আ জ ম নাসির উদ্দিনের সঙ্গে কয়েক দফা সভা করেন। পরে ৬০ সদস্যকে বর্ধিত করে পুনরায় ২৬১ সদস্যের এ কমিটি ঘোষণা করে ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদ।