মাদকের টাকা না পেয়ে স্ত্রীকে হত্যা

আপডেট : ০২ আগস্ট ২০১৬, ১৩:৫৭
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় মাদকের টাকা না পেয়ে স্ত্রীকে পেটানোর পর শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। নিহতের নাম সালমা আক্তার (৩০)। তিনি উপজেলার ফতেহপুর ইউনিয়নের বগাদী গ্রামের  আমানউল্লাহ মিয়ার মেয়ে। হত্যাকাণ্ডের পর স্বামী ও তার পরিবারের লোকজন পালিয়ে গেছে।
 
মঙ্গলবার সকালে উপজেলার ফতেহপুর ইউনিয়নের কান্দাপাড়া এলাকায় এ  ঘটনা ঘটে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ১০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
 
জানা গেছে, ১০/১২ আগে পাশ্ববর্তী কান্দাপাড়া গ্রামের তারা মিয়ার ছেলে সোহেলের সঙ্গে সালমার বিয়ে হয়। সালমার হালিমা (৮) ও সোহানা (৩) নামে দুটি কন্যা সন্তান রয়েছে। বড় মেয়ে হালিমা কান্দাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী।
 
সালমার বাবা আমানউল্লাহ জানায়, বিয়ের পর থেকেই সালমার উপর সোহেল  নির্যাতন চালাত। সে সারাদিন নেশাগ্রস্ত থাকত এবং কোন কাজকর্ম করত না। তিনি প্রায়ই সালমার কাছে নেশার টাকা দাবি করতেন। টাকা দিতে না পারলেই সালমার উপর চালানো হত অমানুষিক নির্যাতন। এ নিয়ে স্থানীয়ভাবে বেশ কয়েকবার শালিস বসিয়ে স্বামী সোহেলের বিচার করা হয়। ঘটনার দিন রাত দুইটার দিকে সোহেল মোবাইল ফোনে সালমার বাবাকে  জানায়, আপনার মেয়ে ঘরের বাইরে পড়ে আছে, এসে দেখে যান। নিত্য দিনের মতো ঘটনা মনে করে আমানউল্লাহ মেয়ের বাড়িতে যাননি। মঙ্গলবার সকালে প্রতিবেশীদের খবরে সেখানে গিয়ে সালমার লাশ ঘরের বাইরে পড়ে আছে দেখতে পান।
 
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, ‘প্রাথমিকভাবে কিছু বুঝা যাচ্ছে না। ময়না তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। স্বামী সোহেলকে গ্রেফতারের চেষ্টা চলছে। এখনো মামলা হয়নি।’