কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে মার্কেটিং বিভাগের সপ্তম ব্যাচের শিক্ষার্থী খালিদ সাইফুল্লাহ নিহতের ঘটনায় করা মামলা জেলা গোয়েন্দা শাখায় (ডিবি) হস্তান্তর করা হয়েছে।
সোমবার রাতে কুবি’র নিরাপত্তা কর্মকর্তা সাদেক হোসেন মজুমদার বাদী হয়ে স্থানীয় থানায় অজ্ঞাতনামা ১৫০ জনের বিরুদ্ধে মামলাটি করেন। কুমিল্লা পুলিশ সুপার মো. শাহ্ আবিদ হোসেন মামলাটি ডিবিতে হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন। মামলাটি তদন্ত করছেন ডিবি’র এসআই শাহ কামাল আকন্দ পিপিএম।
মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি’র এসআই শাহ কামাল আকন্দ জানান, ওই ছাত্র নিহতের ঘটনায় জড়িতরা গ্রেফতার হবে। কাউকে হয়রানিমূলকভাবে গ্রেফতার করা হবে না।
ডিবির ওসি একেএম মনজুর আলম জানান, বর্তমানে ডিবির কার্যালয়ে কুবি’র ছয় ছাত্রকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদের মধ্যে হত্যাকাণ্ডে কারো জড়িত থাকার প্রমাণ পেলে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।’
উল্লেখ্য, শোকের মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে রবিবার রাতে মোমবাতি প্রজ্বলনের পর রাত সাড়ে ১২টার দিকে এ সংঘর্ষ ও হতাহতের ঘটনা ঘটে। প্রতিষ্ঠার পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এই প্রথম এ ধরনের হত্যাকাণ্ড ঘটলো। ঘটনার পর সোমবার সকালে সিন্ডিকেটের জরুরি বৈঠকে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।
