এবার অলিম্পিকে অনিশ্চিত নাদালও

আপডেট : ০২ আগস্ট ২০১৬, ১৫:৩৮
ইতোমধ্যে অলিম্পিকের টেনিস থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন বেশ কিছু তারকা খেলোয়াড়। এবার সংশয় তৈরি হয়েছে সাবেক নাম্বার ওয়ান রাফায়েল নাদালকে নিয়েও।
 
অলিম্পিকের ভিলেজে পৌঁছালে এই স্প্যানিশ তারকা খেলবেন কি খেলবেন না তো নিয়ে চলছে সংশয়। ৩০ বছর বয়সী ক্লে কোর্ট রাজা এ বছর ফ্রেঞ্চ ওপেনের গোড়ার দিকের রাউন্ডে কবজির চোটে ওয়াকওভার দেওয়ার পর আর কোনও প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে এখনও খেলেননি। উইম্বলডন থেকেও নাম তুলে নিয়েছিলেন।
তাই তার ২০০৮ বেইজিং অলিম্পিকের স্বর্ণ রিওতে পুনরুদ্ধার করবেন কিনা সে ব্যাপারে অনিশ্চিত।
 
শনিবার নিজের শহর মায়োরকায় শেষ প্র্যাকটিস ম্যাচ খেলে দেশ ছাড়েন নাদাল। যে ম্যাচে তার পারফরম্যান্সে টেনিস বিশ্বের প্রচুর উৎসাহিত হওয়ার উপকরণ রয়েছে। রিও রওনা হওয়ার আগে মায়োরকায় সপরিবার ছুটি কাটাচ্ছিলেন অ্যান্ডি মারে।
 
অলিম্পিক থেকে ইতিমধ্যেই অনেক টেনিস তারকা জিকা-আতঙ্ক, অসুস্থতা ও নানা কারণে সরে দাঁড়িয়েছেন। যে তালিকায় উইম্বলডন ফাইনালিস্ট মিলোস রাওনিচ, ফ্রেঞ্চ ওপেন সেমিফাইনালিস্ট ডমিনিক থিয়েম, বিশ্বসেরা ডাবলস জুটি ব্রায়ান ভাইয়েরা (বব-মাইক) তো আছেনই, এমনকি চোটের কারণে রিওতে নেই টেনিসের জীবন্ত কিংবদন্তি রজার ফেদেরার। সবশেষে নাদাল, যিনি রিওতে পা রেখেও কথা দিতে পারছেন না যে, কোর্টে নামবেন কি না!