শিবালয়ে বন্যায় পুকুরের ১৯ কোটি টাকার মাছ ভেসে গেছে

আপডেট : ০২ আগস্ট ২০১৬, ১৫:৫৯
মানিকগঞ্জের শিবালয় উপজেলার সর্বত্র ও পার্শ্ববর্তী এলাকায় চলতি সপ্তাহে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় মৎস্য চাষ প্রকল্পের মারাত্মক ক্ষতি হয়েছে। বন্যায় চাষকৃত মাছ ভেসে যাওয়ায় অনেক চাষি সর্বশান্ত হয়েছ পড়েছেন।
 
জানা গেছে, এক সপ্তাহ আগে অস্বাভাবিক হারে পানি বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন পুকুর, ডোবা-নালা ও বিলে আবাদকৃত মাছের ঘের পানিতে তলিয়ে যায়। এতে মাছের পোনা ও ডিমের জলাশয় ডুবে যায়। অনেকে পুকুরের পাড় ও ডোবা-নালার চারপাশ জাল ও বাঁশের বেড়া দিয়ে ঘিরে রাখার চেষ্টা করেও ব্যর্থ হয়।
 
নয়াবাড়ি গ্রামের মৎস্য চাষি ভজন হলদার জানান, এ গ্রামে প্রায় এক শ পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করা হয়। এর মধ্যে প্রায় ২০ একর জমির ২৫টি পুকুরে আবাদকৃত মাছের অধিকাংশ বেরিয়ে যাওয়ায় কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে।    
 
শিবালয়  উপজেলা মৎস্য চাষি সমিতির সভাপতি আসলাম মোল্লা জানান, উপজেলার প্রায় দেড় হাজার মৎস্য চাষির অধিকাংশ আবাদকৃত মাছ চলতি বন্যায় ভেসে গেছে। অনেক চাষির পথে বসার উপক্রম হয়েছে। এ ক্ষতি পুষিয়ে নিতে ব্যাংক ও এনজিও থেকে সহজ শর্তে ঋণ দেয়ার দাবি জানানো হচ্ছে।
 
উপজেলা মৎস্য কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, এ উপজেলায় এক হাজার মৎস্য চাষির আড়াইশ হেক্টর জমিতে প্রায় ১৩ শ পুকুর রয়েছে। এবারের বন্যায় প্রায় ১৩ কোটি ৭০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এছাড়া, অবকাঠামোগত ক্ষতির পরিমাণ প্রায় পাঁচ কোটি টাকা।