নরসিংদীর বেলাবতে ট্রাক চাপায় অজ্ঞাতনামা এক বৃদ্ধা (৫৫) নিহত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৭ টায় ঢাকা-সিলেট মহাসড়কের বেলাব উপজেলার বারৈচা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ওই নারী বারৈচা বাসস্ট্যান্ডের বেলাব সড়ক থেকে মহাসড়ক পার হয়ে রায়পুরা সড়কে যাচ্ছিলেন। এসময় ঢাকা থেকে ভৈরবগামী মালবাহী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় এলাকাবাসী ঘাতক ট্রাকটি আটক করলেও পালিয়ে যায় চালক। খবর পেয়ে দমকল বাহিনী ও ভৈরব হাইওয়ে থানা পুলিশ ট্রাকটি জব্দ ও মরদেহ উদ্ধার করে। নিহত নারীর পরিচয় শনাক্ত হয়নি বলে জানিয়েছে পুলিশ।
বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুদ্দিন ভূইঁয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/ইউবি
