শুক্রবার শিরোপাধারী শেখ জামাল বনাম চট্টগ্রাম আবাহনীর হাইভোল্টেজ ম্যাচ দিয়ে শুরু হচ্ছে জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ময়মনসিংহ পর্ব। বড় ম্যাচ দিয়ে শুরু হওয়া ময়মনসিংহ পর্ব নির্বিঘ্নে করার জোর প্র্রস্তুতি চালাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
চট্টগ্রাম আবাহনী তাদের দ্বিতীয় ম্যাচ খেলবে আগামী ১৪ আগস্ট। প্রতিপক্ষ উত্তর বারিধারা ক্লাব।
দলগুলোর জন্য ময়মনসিংহের বড় হোটেলগুলির মধ্যে হোটেল মোস্তাফিজ, হোটেল আমির ইন্টারন্যাশনাল, হোটেল ক্যাসেলকে প্রাথমিকভাবে নির্বাচত করেছে বাফুফে। হোটেলগুলোতে ফুটবল দলগুলোর সুবিধা-অসুবিধা যাচাই বাছাই করার জন্য বাফুফে কর্মকর্তা আহসান আহমেদ অমিত অবস্থান করছেন ময়মনসিংহে।
তিনি বলেন, ‘আশা করি দলগুলোর কোনও অসুবিধা হবে না। বাফুফে তিনটি অনুশীলন মাঠও নির্বাচিত করেছে। মাঠগুলো হলো ময়মনসিংহ সেনানিবাস মাঠ, বাংলাদেশ পুলিশের মাঠ ও বিজিবির মাঠ।’
ময়মনসিংহ স্টেডিয়ামের মাঠটি বড় হলেও গ্যালারিতে দর্শক ধারণ ক্ষমতা ১২ হাজার। গ্যালারিতে সংস্কার কাজ চলছে। মাঠ তৈরির জন্যও নিজেদের গ্রাউন্ড স্টাফ পাঠিয়েছে বাফুফে।
