কলমাকান্দা সড়কটি এখন মরণ ফাঁদ!

আপডেট : ০৩ আগস্ট ২০১৬, ০১:১১
কলমাকান্দা সড়কটি যানবাহন চলাচলের জন্য মরণ ফাঁদে পরিণত হয়েছে। একেতো অপ্রশস্থ, তার উপর সড়কের দুই দিকের বিরাট অংশ জুড়ে ভাঙা থাকায় যখন দুইটি বড় যানবাহন দুইদিক থেকে অতিক্রম করে তখন একটির সাথে আরেকটির ধাক্কা লেগে দুর্ঘটনার শিকার হয়। এদিকে শ্যামগঞ্জ-দুর্গাপুর সড়কে যান চলাচল বন্ধ থাকায় এ সড়কটি বেশি ব্যবহার করছেন চালকরা। ফলে সড়কের অবস্থা আরো খারাপ হয়েছে।
 
নেত্রকোনার ঠাকুরাকোনা-কলমাকান্দা ২১ কি.মি দীর্ঘ সড়কটি সড়ক ও জনপথ বিভাগ দুই বছর আগে সংস্কার করলেও তা আবার ভেঙে গেছে।  বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছে। দুইটি গাড়ী একই সাথে ক্রস করতে না পারায় প্রতিদিনই বাস ও মালবাহী ট্রাক সড়কের নরম মাটি দিয়ে চলতে গিয়ে চাকা দেবে গিয়ে দুর্ঘটনায় পড়ছে।         
 
সড়কটি সংস্কার ও প্রশস্ত করার জন্য স্থানীয় এমপি ছবি বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন। অচিরেই ব্যবস্থা নেয়া হবে।
 
নেত্রকোনা সড়ক ও জনপথ বিভাগ জানায়, অর্থ বরাদ্দ পাওয়া গেলেই সড়ক সংস্কার করা হবে।