আহম্মেদপুর বাসস্ট্যান্ড-বাজার সড়কের বেহাল অবস্থা

আপডেট : ০৩ আগস্ট ২০১৬, ০১:১৪
বড়াইগ্রাম উপজেলার আহম্মেদপুরে মাত্র ৫’শ মিটার রাস্তা সংস্কার না করায় আড়াই শতাধিক ব্যবসায়ীসহ সাধারণ ক্রেতারা বিপাকে রয়েছেন। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে পানি জমে থাকায় অনেক আগেই রাস্তার পিচ ঢালাই উঠে গেছে। মাল বোঝাই ট্রাকসহ বিভিন্ন যানবাহনের চাপে এখন ইটের খোয়া উঠে গিয়ে পুরো রাস্তা কাদায় ভরে গেছে।
 
স্থানীয়রা জানান, আহম্মেদপুর বাজার উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ একটি ব্যবসা কেন্দ্র। এ হাটে বিভিন্ন সামগ্রী বিক্রয়ের জন্য কমপক্ষে আড়াইশ’ ব্যবসা প্রতিষ্ঠানসহ বেশ কয়েকটি রাইস মিল ও বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান রয়েছে। প্রতি সোমবার ও বৃহস্পতিবার এখানে হাট বসে। ধান, পাট, সরিষা ও চৈতালী ফসল বিক্রয়ের জন্য এটি একটি প্রসিদ্ধ হাট। বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের আহম্মেদপুর বাসস্ট্যান্ড থেকে আধা কিলোমিটার দূরত্বে হাট। দুটি কলেজ ও দুটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ পথেই যাতায়াত করে। কিন্তু রাস্তাটি দীর্ঘদিনেও সংস্কার না করায় এ পথে চলাচলকারী পথচারী ও মালামাল আনা-নেওয়ায় স্থানীয় ক্রেতা-বিক্রেতারা দারুণ বিপাকে পড়েছেন। স্থানীয় ব্যবসায়ী হাফিজুল ইসলাম বলেন, আমাদের পাকা রাস্তা কাঁচা রাস্তার চেয়েও খারাপ। মালামাল আনা-নেওয়াসহ হাটের পণ্যসামগ্রী ট্রাকযোগে আনা-নেওয়া করতে ভোগান্তির অন্ত নেই।
 
উপজেলা প্রকৌশলী শহিদুল ইসলাম বলেন, আইআরআইডিপি প্রকল্পের আওতায় রাস্তাটি সংস্কারের জন্য আবেদন করা হয়েছে। বরাদ্দ পেলে কাজ করা হবে।