চুয়াডাঙ্গায় খুন করে ভ্যান ছিনতাই, আটক ২

আপডেট : ০৩ আগস্ট ২০১৬, ১০:৪৫
চুয়াডাঙ্গা সদর উপজেলায় চালককে হত্যা করে ভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। নিহত রাশিদুল হক (৩০) সদর উপজেলার গোপীনাথপুর গ্রামের আনোয়ার হোসেন মোল্লার ছেলে। আটকরা হলেন, আলমডাঙ্গা উপজেলার বলিয়ারপুর গ্রামের আনোয়ার আলীর ছেলে শাহাবুল ইসলাম (২৮) ও সোনাতনপুর গ্রামের আশাদুল হকের ছেলে রাহুল হোসেন (৩০)।
 
মঙ্গলবার রাত দুইটায় আটকদের তথ্যের ভিত্তিতে সদর উপজেলার সরিষাডাঙ্গা গ্রামের জিকে ক্যানেলের কাছে পুঁতে রাখা লাশ উদ্ধার করা হয়।
 
পুলিশের জিজ্ঞাসাবাদে আটকরা জানায়, যাত্রীবেশে ভ্যানে উঠে তারা রাশিদুলকে শ্বাসরোধ করে হত্যার পর ভ্যান নিয়ে পালিয়ে যায়।
 
পরিবার ও পুলিশ জানায়, রাশিদুল সোমবার সকালে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। অন্যদিকে মঙ্গলবার বিকালে শাহাবুল ও রাহুল সদর উপজেলার বদরগঞ্জ বাজারে একটি ভ্যান বিক্রি করতে গেলে তাদের কথাবার্তা সন্দেহজনক হওয়ায় স্থানীয়রা আটক করে পুলিশে দেয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী রাশিদুলের পুঁতে রাখ লাশ উদ্ধার করা হয়।