হাতকড়াসহ পুলিশের কাছ থেকে আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে বগুড়ার ধুনট থানার দুই পুলিশ কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে। এরা হলেন, কনস্টেবল হাসেম আলী ও আজাদ।
বুধবার বেলা ১১টায় ধুনট থানা থেকে তাদের প্রত্যাহার করে বগুড়া জেলা পুলিশ লাইন্সে পাঠানো হয়।
পুলিশ জানায়, জুলাই মাসে উপজেলার বানিয়াগাতিতে মতিউর নামে এক ব্যক্তিকে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের স্ত্রী মর্জিনা খাতুন বাদী হয়ে হত্যা মামলা করেন। মামলার পরিপ্রেক্ষিতে পরদিন সকালে আনিছুর রহমান নামে একজনকে গ্রেফতার করে পুলিশ।
মঙ্গলবার দুপুরে আসামি আনিছুর রহমানকে ধুনট থানা থেকে বগুড়ায় আদালতে নেয়ার সময় হাতকড়া পরা অবস্থায় তিনি পুলিশের হাত থেকে পালিয়ে যান। তারপর দিনভর বিভিন্ন স্থানে অভিযান চালিয়েও তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। পরে ওই ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ওই দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
