সম্পদের হিসাব বিষয়ে হাইকোর্টের রায় স্থগিতের আবেদন

আপডেট : ০৩ আগস্ট ২০১৬, ১৫:৫২
 
ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীন ও ডেসটিনি-২০০০ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ হোসেনকে সম্পদের হিসাব বিবরণী দাখিল করতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) নোটিশের কার্যক্রম না চালানো সংক্রান্ত হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন দাখিল করা হয়েছে।
 
বুধবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন দাখিল করে দুদক। পরে আপিলটি শুনানির জন্য আপিল বিভাগের চেম্বার বিচারপতি মীর্জা হোসেন হায়দারের বেঞ্চে পাঠানো হয়।
 
তবে ডেসটিনির পক্ষে সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আজমল হোসেন কিউতি অনুপস্থিত থাকায় আদালত শুনানির জন্য আগামী রবিবার দিন ধার্য করে দিয়েছে।
 
দুদক কৌঁসুলী খুরশীদ আলম খান ইত্তেফাককে বলেন, সম্পদের হিসাব দাখিল সংক্রান্ত দুদকের নোটিশের বিষয়টি আপিল বিভাগ ইতোপূর্বে নিষ্পত্তি করে দিয়েছে। অতএব এই বিষয়ে হাইকোর্ট নতুন কোনো আদেশ দিতে পারে না। এই যুক্তি দেখিয়ে আমরা হাইকোর্টের আদেশ স্থগিত চেয়েছি।
 
প্রসঙ্গত গত ১৫ জুন দুদক কারাবন্দি রফিকুল আমিন ও মোহাম্মদ হোসেনকে সম্পদের হিসাব দাখিলের জন্য নোটিশ দেয়। তারা হিসাব দাখিলের জন্য ১৫ দিন সময় চেয়ে আবেদন করে। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে দুদক ৭ দিন সময় বৃদ্ধি করে। কিন্তু এরপরেও তারা সম্পদের হিসাব দাখিল না করে দুদকের নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন। ওই আবেদনে দুদক বিধিমালার ১৪(২)(৪) ধারা চ্যালেঞ্জ করে আরেকটি সম্পূরুক আবেদন করা হয়।
 
মঙ্গলবার সম্পদের হিসাব চেয়ে দুদকের নোটিশের কার্যক্রম স্থগিত করে হাইকোর্ট। একই সঙ্গে দুর্নীতি দমন কমিশন বিধিমালার ১৭ (২) (৪) ধারা কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়।