তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘খালেদা জিয়া ও বিএনপি যতই বিভ্রান্তির চেষ্টা করুক না কেন যুদ্ধাপরাধীদের মত জঙ্গিদেরও বাঁচাতে পারবে না। জঙ্গি পরিচয় এবং জঙ্গি দমনের অভিযোগের পদ্ধতি কৌশল নিয়ে অহেতুক বিভ্রান্তি তৈরি অপচেষ্টার উদ্দেশ্য কী তা দেশবাসী বোঝেন।’
বুধবার দুপুর একটায় কুষ্টিয়ার ভেড়ামারা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় সংলগ্ন মাঠে ছাত্রী, অভিভাবক, শিক্ষক ও শিক্ষিকাসহ গণ মানুষের মাঝে জঙ্গিবাদ বিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া ও বিএনপি যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করতে পারেনি। জঙ্গি দমনের অভিযানও আটকাতে পারবে না। জঙ্গিরা বঙ্গবন্ধুর খুনিদের মতই আত্মস্বীকৃতি খুনি। পরিচয় নিয়ে বিভ্রান্তি তৈরি করে কোনো লাভ নাই।’
সমাবেশে বিদ্যালয়ের সভাপতি ও কেন্দ্রীয় নারী জোটের আহ্বায়ক আফরোজা হক রিনা সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথি হিসাবে জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার প্রলয় চিসিম, ভেড়ামারা পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ আব্দুল শামিমুল ইসলাম ছানা, ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তি মনি চাকমা, কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন, জেলা সভাপতি আলহাজ মহাসিন আলী, অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন, সিনিয়র সহকারী পুলিশ সুপার কামরুল হাসান, ভেড়ামারা মাধ্যামিক শিক্ষা অফিসার আবু সালেক, ভেড়ামারা প্রেস ক্লাবের সভাপতি প্রভাষক জাহাঙ্গীর হোসেন জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।
