বিএনপি-জামায়াতের সম্পর্ক অত্যন্ত মধুর: হাছান মাহমুদ

আপডেট : ০৩ আগস্ট ২০১৬, ১৯:০৪
আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড.হাছান মাহমুদ এমপি বিএনপি-জামায়াতের সম্পর্ককে অত্যন্ত মধুর এবং গভীর উল্লেখ করে বলেছেন, 'কিছু কিছু সম্পর্ক আছে অত্যন্ত গভীর হয়তো মাঝে মাঝে মান-অভিমান হয় কিন্তু সম্পর্ক ছিন্ন হয় না।'
 
'অনেকসময় লোকচক্ষুর ভয়ে মাঝে মাঝে কেবল আড়াল করার চেষ্টা করা হয় মাত্র।' উল্লেখ করে তিনি বলেন, 'বিএনপি-জামায়াতের ঐক্য এখনও এমনই যে একদিকে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এমাজউদ্দিন সাহেব বলেছেন বিএনপি-জামায়াতের ঐক্য আর সেভাবে থাকবে না অপরদিকে ফখরুল সাহেব, নজরুল সাহেবরা বলছেন এ ধরনের নাকি কোন সিদ্ধান্তই হয়নি।'
 
বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত জঙ্গিবাদ বিরোধী ও জাতীয় শোক দিবসের এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে হাছান মাহমুদ এ মন্তব্য করেন।
 
বিএনপি-জামায়াতের ঐক্যের বীজ বোপিত হয়েছিল সেই ৭১' সালেই এই অভিমত ব্যক্ত করে তিনি বলেন, 'যুদ্ধের সময় যখন পাকিস্তানি হানাদার-বাহিনী এদেশের লক্ষ লক্ষ মানুষ হত্যা করছিল তখন কিভাবে খালেদা জিয়া ৯মাস পাকিস্তানের ক্যান্টনমেন্টে জামাই আদরে ছিলেন? যে জামায়াত একাত্তরে বাঙালিদের বিরুদ্ধে অস্ত্রধারণ করেছিল জিয়াউর রহমান ক্ষমতা দখলের পরে সে জামায়াতকে এদেশে রাজনীতি করার সু্যোগ করে দেন। আর খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের দল জামায়াতকে নিয়ে জোট করে পরবর্তীতে যুদ্ধাপরাধীদের মন্ত্রীও বানিয়েছেন।'
 
"আওয়ামী লীগ বন্যার্তদের পাশে দাড়ায় নি"- বিএনপি নেত্রীর এমন বক্তব্যের সমালোচনা করে হাছান মাহমুদ বলেন, 'এ ধরনের বক্তব্য উনার(খালেদা জিয়া) অজ্ঞতারই বহিঃপ্রকাশ। বাংলাদেশ আওয়ামী লীগ খেটে-খাওয়া মানুষের দল। সরকার প্রথম থেকেই বন্যাদুর্গতদের পাশে দাঁড়িয়েছে। সরকারের পাশাপাশি আওয়ামী লীগও বন্যাদুর্গতদের পাশে এসে দাঁড়িয়েছ। ইতিমধ্যে আওয়ামী লীগের ১০ টি টিম দেশের বিভিন্ন স্থানে বন্যার্তদের সাহায্যের জন্য ত্রাণ নিয়ে চলে গেছে আরো তিন-চারদিন আগে।সম্ভবত বিএনপি চেয়ারপার্সন পত্র-পত্রিকা পড়েন নি।'
 
বিএনপি নেতা মওদুদ আহমেদের বাড়ি সম্পর্কে আদালতের রায়ের প্রেক্ষিতে হাছান মাহমুদ বলেন, 'যে দলের নেত্রী সুপ্রিম কোর্টের রায়ের প্রেক্ষিতে অবৈধ ভাবে দখল করে থাকা বাড়ি ছাড়ার সময়ে হাউমাউ করে কাঁদেন সে দলের নেতারা অবৈধভাবে অন্যের বাড়ি দখল করবে এটাই স্বাভাবিক। একজন বিদেশি মহিলার স্বামীর মৃত্যুর পরে নাকি সে বাড়িটির পাওয়ার অব এটর্নি নিয়েছেন মওদুদ সাহেব। একজন মৃত মানুষ যে কাউকে পাওয়ার অব এটর্নি দিতে পারেন তা আমার জানা ছিল না। আসলে বাড়িটি ছিল সম্পূর্ণভাবে অবৈধভাবে দখলকৃত। বিজ্ঞ আদালত সব কিছু যাচাই-বাছাই করেই এ রায় দিয়েছে।'