তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, 'বর্তমানে জঙ্গি দমনের যুদ্ধটা রাজনৈতিক কর্তব্য। যারা জঙ্গি দমনের যুদ্ধ নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছেন তারা জঙ্গি দমনের সাফল্যকে আটকাতে চাচ্ছেন।'
তিনি বলেন, 'বেগম খালেদা জিয়া যতই বিভ্রান্তির চেষ্টা করুক না কেন যুদ্ধাপরাধীদের মত জঙ্গিদেরও তিনি বাঁচাতে পারবেন না। জঙ্গি পরিচয় নিয়ে বিভ্রান্তির কিছু নেই। বরং আত্মস্বীকৃত জঙ্গিদের বঙ্গবন্ধুর খুনি এবং যুদ্ধাপরাধীদের ন্যায় বিচার হবে, সাজা হবে।'
মন্ত্রী বুধবার সকালে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ গণমানুষের সাথে জঙ্গিবাদ বিরোধী মতবিনিময় ও আলোচনা সভায় যোগদেয়ার আগে সাংবাদিকদের এসব কথা বলেন।
আগামী জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে মন্ত্রী বলেন, 'প্রধানমন্ত্রী নির্বাচনের প্রস্তুতি হিসেবে তার দলকে গোছানোর নির্দেশ দিয়েছেন। এই নির্দেশের সঙ্গে নির্বাচনের সময় হের ফের হওয়ার কোন সম্পর্ক নেই।' নির্বাচন যথাসময়ে সাংবিধানিক ভাবেই হবে কেউ তা আটকাতে পারবে না বলেন তথ্যমন্ত্রী।
এ সময় কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার প্রলয় চিসিম, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম স্বপন, জেলা জাসদ সভাপতি গোলাম মহসিন, পৌর মেয়র শামিমুল হক ছানা, জাতীয় নারী জোটের আহ্বায়ক আফরোজা হক রীনার, সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে তথ্যমন্ত্রী ভেড়ামারায় হালিমা বেগম একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ের নব-নিমিত ভবনের উদ্বোধন করেন।
