কুমিল্লায় দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার

আপডেট : ০৪ আগস্ট ২০১৬, ১৪:৩৯
কুমিল্লায় দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। জেলার দেবিদ্বার উপজেলার জাফরাবাদ এলাকা থেকে বুধবার দিবাগত গভীর রাতে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশ তাদের গ্রেফতার করে। 
 
বৃহস্পতিবার তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
 
জানা যায়, বুধবার দিবাগত রাত ১টার দিকে জাফরাবাদ এলাকায় ১৫-১৬ জনের একটি দল হাতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে দেখে দেবিদ্বার থানা পুলিশের টহল দল তাদের ধাওয়া করে ৩ জনকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ছেনি, ছুরি, লোহার হেমার, টর্চ লাইট, তালা ভাঙ্গার কোরাবাড়ীসহ ডাকাতির জন্য ব্যবহৃত সরঞ্জাম ও দেশীয় বিভিন্ন অস্ত্র উদ্ধার করে। 
 
আটক ডাকাতরা হলেন- জেলার দেবিদ্বার উপজেলার নবীয়াবাদ গ্রামের জলিল (৫০), চান্দিনার সুহিলপুর গ্রামের জীবন মিয়া (৩৫), বুড়িচংয়ের হালগাঁও গ্রামের নজরুল ইসলাম (৪৫)। 
 
দেবিদ্বার থানার এসআই সোহেল আহমেদ জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। পালিয়ে যাওয়া অপর ডাকাতদের ধরতে অভিযান চলছে।