জাতীয় দলের বোলিং কোচ হিথ স্ট্রিকের পদত্যাগের পর থেকেই তার বিকল্প খুঁজছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কয়েকজনের সাথে যোগাযোগও করে বিসিবি। এমনকি পাকিস্তানের সাবেক পেস বোলার আকিব জাভেদকে বোলিং কোচ হিসেবে বিসিবির পক্ষ থেকে প্রস্তাবও দেওয়া হয়, বর্তমান চাকরিতে আগ্রহী থাকায় বিসিবির প্রস্তাবে সাড়া দেননি জাভেদ।
এরপর থেকে অন্যদের সাথে কথা চালিয়ে যায় বিসিবি। ইতোমধ্যে একজনকে বোলিং কোচের জন্য চূড়ান্তও করে ফেলেছে বিসিবি। তবে এখনই তার নামটা বলতে যাচ্ছে না বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
বুধবার বোলিং কোচ প্রসঙ্গে বিসিবি সভাপতি বলেন, ‘বোলিং কোচ একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। অনেক দিন ধরেই আমরা খোঁজাখুঁজি করছিলাম। একটা শর্ট লিস্টও করেছি। এখন কাকে নেব তাকেও ফাইনাল করেছি। কিন্তু আমরা এখনই তার নামটা ঘোষণা দিতে পারছি না। সে এখন একটা জায়গায় আছে, এ মাসের শেষ দিকে তার চুক্তি শেষ হওয়ার কথা। সে অনুরোধ করছে যাতে এখনই তার নাম ঘোষণা করা না হয়। হঠাত্ করে ওদের বোর্ড শুনবে যে অন্যত্র চলে যাবে সে এটা চায় না। আশা করছি সে এ মাসের শেষ দিকে যে কোনো দিন চলে আসবে।’
