পদ্মায় পানি হ্রাসে বন্যা পরিস্থিতির উন্নতি

আপডেট : ০৪ আগস্ট ২০১৬, ১৭:১৩
পদ্মায় পানি প্রবাহের স্তর কমতির দিকে। বুধবার পর্যন্ত এটি বিপদসীমার ৬৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে, যা বন্যা পরিস্থিতি উন্নতির লক্ষণ বলে জানান পানি উন্নয়ন বোর্ডের এক কর্মকর্তা। পানি প্রবাহের স্বাভাবিক স্তর ৮ দশমিক ৬৫ মিটার, এটি এখন ৯ দশমিক ৩১ মিটার উপরদিকে প্রবাহিত হচ্ছে।
 
ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে খোলা বন্যা সম্পর্কিত তথ্য কেন্দ্র থেকে জানানো হয়, গত সপ্তাহে ভারী বর্ষণের কারণে পদ্মা, আড়িয়াল খাঁ এবং মধুমতী নদীর পানি বেড়ে যাওয়ায় উজানে জেলার পাঁচটি উপজেলার ১৭ ইউনিয়ন বন্যা কবলিত হয়। বন্যা কবলিত উপজেলাগুলো হলো, ফরিদপুর সদর, চরভদ্রাসন, সদরপুর, ভাঙ্গা এবং মধুখালী।
 
সূত্র জানায়, এখন পর্যন্ত ৩শ' ২৩ মেট্রিকটন চাল এবং নগদ ৬ লাখ ২৩ হাজার টাকা বন্যদূর্গতদের মাঝে বিতরণ করা হয়েছে। বন্যা দূর্গতদের মাঝে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দিতে বেশ কয়েকটি মেডিকেল টিম কাজ করছে। বন্যা কবলিত এলাকায় পানি বাহিত রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।
 
এদিকে বুধবার বিকেলে আঞ্চলিক মহাসড়ক হিসেবে গুরুত্বপূর্ণ সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের সদরপুর-চরভদ্রাসন সড়কের ২০ ফুট পাকা সড়ক ধসে পড়েছে। সদর উপজেলার ইউএনও জানান, পদ্মায় পানি বেড়ে যাওয়ায় পানির চাপে সড়ক ধসে পড়েছে।
 
স্থানীয়রা তাৎক্ষণিক-ভাবে স্থানীয় প্রশাসনের সহায়তায় বালির বস্তা ফেলে অস্থায়ীভাবে সড়কটি রক্ষা করার চেষ্টা করছে। সড়কটি দিয়ে এখন হালকা যান চলতে পারে কিন্তু কোনো ভারী পরিবহন চলতে পারে না। পাশাপাশি, সদর ও ভাঙ্গা উপজেলার আড়িয়াল খাঁ নদীর ভাঙন ব্যাপক রূপ নিয়েছে। এছাড়া, দরগা বাজার এলাকার অনেক বসতবাড়ি ও বাজার নদীতে ভেঙ্গে গেছে।