ই-কমার্স চালু নিয়ে কাজ করবে এটুআই ও বিক্রয় ডটকম

আপডেট : ০৪ আগস্ট ২০১৬, ১৯:৫৯
প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) কর্তৃক স্থাপিত ডিজিটাল সেন্টার সমূহে ই-কমার্স সেবা চালু করার লক্ষ্যে এটুআই প্রোগ্রাম এবং বিক্রয় ডটকমের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
 
বৃহস্পতিবার বিকাল ৪টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসএসএফ ব্রিফিং রুমে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) ও এটুআই প্রোগ্রামের প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার এবং বিক্রয় ডট কমের পরিচালক (বিপণন) মিশা আলী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
 
সমগ্র দেশব্যাপী একটি ই-কমার্স ইকোসিস্টেম প্রতিস্থাপনের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়। সমঝোতা স্মারক অনুযায়ী ই-কমার্স বাস্তবায়নের বিষয়ে প্রচার, সচেতনতা তৈরি, বিভিন্ন প্রশিক্ষণের চাহিদা নিরুপণ, প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা এবং কারিগরী সহায়তা প্রদানের বিষয়ে এটুআই প্রোগ্রাম ও বিক্রয় ডট কম যৌথভাবে কাজ করবে।
 
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের পলিসি এডভাইজর আনীর চৌধুরী, জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ নাঈমুজ্জামান মুক্তা, বিক্রয় ডট কম লিমিটেডের ব্যবস্থাপক (ক্যাটাগরি ম্যানেজমেন্ট) ঈসা আবরারসহ উভয় প্রতিষ্ঠান এর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।