রাজধানীতে গলা কেটে শিশু হত্যা

আপডেট : ০৪ আগস্ট ২০১৬, ২৩:৩৪
কবুতর নিয়ে বিরোধের জেরে বুধবার রাজধানীতে খাদিজা আক্তার জান্নাত নামের চার বছরের এক শিশু খুন হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ প্রতিবেশী রানু বেগম ও তার কিশোর ছেলে রাকিবকে গ্রেফতার করেছে।
 
হত্যাকাণ্ডের কথা স্বীকার করে গতকাল আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে গার্মেন্টস কর্মী            রাকিব হাসান (১৪)। নিহত জান্নাতের বাসা দারুসসালামের দিয়াবাড়ির একটি ছয় তলা ভবনের পঞ্চম তলায়।
 
দারুস সালাম থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিমুজ্জামান বলেন, কবুতর চুরির অভিযোগে জান্নাতের ভাই প্রতিবেশী রাকিব হোসেনকে মারধর করে। এর প্রতিশোধ নিতেই রাকিব জান্নাতকে গলা কেটে হত্যা করে লাশ খাটের নীচে কার্টনে ভরে রাখে। তার পরিকল্পনা ছিল সুবিধামতো সময়ে লাশ অন্যত্র ফেলে দেওয়া।
 

ওসি জানান, বুধবার বিকাল থেকে জান্নাতকে পাওয়া যাচ্ছিল না। পরে এলাকাবাসী খোঁজাখুঁজি শুরু করে এবং থানায় খবর দেয়। শিশুটির বাবা মাসুম এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। রাকিবের মা রানু বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডে আনা হয়েছে।