'চাঞ্চল্যকর' হেডলাইনের বিরুদ্ধে যুদ্ধে নামছে ফেসবুক

আপডেট : ০৫ আগস্ট ২০১৬, ১৪:৩৫
আবারও নিজেদের নীতিমালায় পরিবর্তন আনছে সামাজিক যোগাযোগ জায়ান্ট ফেসবুক। এবার 'ক্লিকবেইট হেডলাইন'-এর বিরুদ্ধে যুদ্ধে নামার ঘোষণা দিয়েছে মার্ক জাকারবার্গের এই প্রতিষ্ঠান। ফেসবুক ব্যবহারকারীদের মনোযোগ আকর্ষণ করার জন্য যে সব হেডলাইনে 'চাঞ্চল্যকর' বিষয়বস্তু জুড়ে দেয়া হয় সেগুলোকেই ক্লিকবেইট হেডলাইন বলা হয়।
 
ফেসবুকের বরাত দিয়ে প্রযুক্তি বিষয়ক সংবাদ মাধ্যমগুলো বলছে, আগামী কয়েক সপ্তাহ পর থেকে ব্যবহারকারীদের নিউজ ফিডের নিচের দিকে ক্লিকবেইট হেডলাইন দেখানো হবে।
 
ফেসবুকের ইউজার এক্সপেরিয়েন্স গবেষক ক্রিস্টিন হেনড্রিক্স এবং রিসার্স সায়েন্টিস্ট এলেক্স পেয়সাখোভিখের মতে, 'ব্যবহারকারীদের কাছ থেকে অনুরোধ পেয়ে আমরা নিউজ ফিড আপডেট করতে যাচ্ছি। আগামী কয়েক সপ্তাহ পর থেকে ক্লিকবেইট হেডলাইন কমানো শুরু হবে। এতে ব্যবহারকারীরা তাদের নিউজ ফিডে কম ক্লিকবেইট স্টোরি দেখবেন এবং সেটা নিউজ ফিডের নিচের দিকে। পাশাপাশি, যে ধরনের ফিড তারা দেখতে চান তা উপরের দিকে নিয়ে আসা হবে।'