চলচ্চিত্র নির্মাণে মানসম্মত স্ক্রিপ্ট লিখতে ‘গুড স্ক্রিপ্ট বেস্ট একশন’ শীর্ষক মাস্টারক্লাসের আয়োজন করে চলচ্চিত্র শিক্ষানবিস কার্যক্রম ‘সিনেমাস্কোপ’। বৃহস্পতিবার মাস্টারক্লাসটি ইউল্যাব (ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ) ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।
পুরো মাস্টারক্লাস জুড়ে মানসম্মত চিত্রনাট্য লেখার আদ্যোপান্ত নিয়ে আলোচনা করেন অভিজ্ঞ চিত্রনাট্যকার সৈয়দ জিয়া উদ্দীন। একজন চিত্রনাট্যকার হিসেবে পক্ষপাতদুষ্ট না হয়ে কিভাবে নিরপেক্ষ গল্প দাঁড় করানো যায় সে ব্যাপারে আলোকপাত করেন তিনি।
বাংলাদেশের ফিল্ম ও ড্রামা ইন্ডাস্ট্রিতে চিত্রনাট্যকারদের সীমাবদ্ধতার কথাও উল্লেখ করেন তিনি। তিনি বলেন, ‘বাংলাদেশের নাট্য নির্মাতারা গল্প লেখার আগেই স্ক্রিপ্ট রাইটারদের শর্ত দিয়ে দেন। শ্যুটিংয়ের সময় স্বল্পতা, নির্দেশক ঘোষিত স্থান বিবেচনায় রেখেই কাজ করতে হয় আমাদের।’ বাংলাদেশের নাটকগুলোর গল্প বলার গলদ এবং দর্শকদের ভারতীয় মিডিয়ামুখী হওয়ার কারণও উল্লেখ করেন তিনি।
পরবর্তীতে সিনেমাস্কোপের শিক্ষানবিস শিক্ষার্থীদের লেখা স্ক্রিপ্টের মানোন্নয়ন করেন তিনি।
IMG0
মাস্টারক্লাস শেষে সিনেমাস্কোপের উপদেশক ও ইউল্যাব মিডিয়া স্টাডিজ এন্ড জার্নালিজম বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক মুহাম্মদ সাজ্জাদ হোসেন বলেন, ‘বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে মানসম্মত চিত্রনাট্যের অভাব রয়েছে। সিনেমাস্কোপের শিক্ষার্থীরা এখান থেকে কিছু শিখে এবং চর্চার মাধ্যমে মানসম্মত চিত্রনাট্য লিখবে এটাই আশা থাকবে। সিনেমাস্কোপ শীঘ্রই ইন্টারন্যাশনাল মোবাইল ফিল্ম প্রতিযোগিতার আয়োজন করতে চলেছে। মাস্টারক্লাসে আলোচিত স্ক্রিপ্টগুলো থেকে ভালো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র তৈরি হবে বলে আশা করছি।’
