দিন দুই আগে 'স্টোরি' নামে নতুন এক ফিচার উন্মোচন করে ফেসবুক অধিকৃত ছবি শেয়ারের সাইট ইনস্টাগ্রাম। এর সাহায্য নিয়ে সাইটটিতে সহজে ছবি ও ভিডিও আপলোড করার সেবা পাবেন ব্যবহারকারীরা, যে ছবি বা ভিডিওগুলো ২৪ ঘণ্টা পর স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে।
এটি নতুন কোনো ফিচার নয়। একই নাম ও কাজের একটি ফিচার আছে ছবি, ভিডিও, টেক্সট ও ড্রয়িংস শেয়ারের অ্যাপ্লিকেশন স্ন্যাপচ্যাটের। স্ন্যাপচ্যাটের ওই ফিচারকে হুবহু নকল করে ইনস্টাগ্রামে ওই ফিচার জুড়েছে ফেসবুক।
এ নিয়ে এখন আলোচনা-সমালোচনা তুঙ্গে প্রযুক্তিবিশ্বে। আর এ সময়ই প্রযুক্তি বিষয়ক সংবাদ মাধ্যম টেকক্রাঞ্চ জানিয়েছে, স্ন্যাপচ্যাটের আরেকটি ফিচার নকল করেছে ফেসবুক! ইতোমধ্যে ফিচারটি নিয়ে পরীক্ষানিরীক্ষাও শুরু করে দিয়েছে সোশ্যাল নেটওয়ার্কিং জায়ান্ট।
স্ন্যাপচ্যাটের 'কুইক আপডেটস'-এর আদলে তৈরি ওই ফিচার আপাতত ব্রাজিল ও কানাডার ফেসবুক ব্যবহারকারীরা ব্যবহার করতে পারছেন। নিউজ ফিডের একেবারে উপরে থাকা একটি বাটনের মাধ্যমে এই ফিচার ব্যবহার করা যাচ্ছে। ওই বাটনটি ক্লিক করলে একটি ক্যামেরা দেখায়। এরপর স্ন্যাপচ্যাটের কুইক আপডেটস-এর মতোই ওই ক্যামেরা দিয়ে ছবি তোলা বা ভিডিও করা যায়। পাশাপাশি ওই ছবি বা ভিডিওতে অলিম্পিক্সের থিমে সাজানো ফিল্টার, ফ্রেম ও মুখোশ জুড়ে দেয়া যায়।
স্ন্যাপচ্যাটের ক্রমবর্ধমান জনপ্রিয়তা নিয়ে ঈর্ষান্বিত মার্ক জাকারবার্গের প্রতিষ্ঠান। ২০১৩ সালেই স্ন্যাপচ্যাটে 'উজ্জ্বল' ভবিষ্যতের সম্ভাবনা দেখে অ্যাপটিকে ৩০ কোটি মার্কিন ডলার ব্যয়ে কেনার প্রস্তাব দেয় সামাজিক যোগাযোগ মাধ্যমটি। স্ন্যাপচ্যাট সেই প্রস্তাব ফিরিয়ে দেয়। এরপর থেকেই স্ন্যাপচ্যাট ব্যবহারকারীদের ‘বাগিয়ে’ নিতে চেষ্টা করে যাচ্ছে ফেসবুক।
সেজন্য পোক, স্লিংশট ও ইনস্টাগ্রাম বোল্টের মতো আলাদা অ্যাপ তৈরি করা হয়েছে এর আগে। ফেসবুকের সেসব চেষ্টা ব্যর্থ হয়েছে। এবার নতুন ফিচারটি সাফল্যের মুখ দেখবে কিনা, সেটাই এখন দেখার বিষয়।
