বিমানে ক্রমাগত ঘামায় এবং আল্লাহ বলায় এক পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন দম্পতিকে বিমান থেকে নামিয়ে দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। ডেলটা এয়ারলাইনসের বিমানটি ফ্রান্সের প্যারিস থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের সিনসিনাটিতে যাচ্ছিল।
নাজিয়া ও ফয়সাল আলি দম্পতি এই এয়ারলাইনসের মধ্যে ‘ইসলামফোবিয়া’-র অভিযোগ তুলেছেন। ঘটনাটি জুলাই মাসের ২৬ তারিখের, নিজেদের ১০ম বিবাহ বার্ষিকী উদযাপনে তারা প্যারিস ভ্রমণে এসেছিলেন। ৩৪ বছর বয়সী নাজিয়া তার জুতা খুলে, নিজের মাকে একটি এসএমএস পাঠিয়ে দীর্ঘ ৯ ঘণ্টাব্যাপী ফ্লাইটের প্রস্তুতি নিচ্ছিলেন। তখনই ডেলটা এয়ারলাইনসের একজন ক্রু মেম্বার পাইলটের কাছে অভিযোগ করে যে, হিজাব পরিহিত এক নারী মোবাইল ফোন ব্যবহার করছে এবং তার পুরুষ সঙ্গী অতিরিক্ত ‘ঘামছে’। সেই কেবিন ক্রু আরো অভিযোগ করে যে ফয়সাল আলি তার মোবাইলটি লুকিয়ে রাখার চেষ্টা করেছে এবং তারা ‘আল্লাহ’ শব্দটি ব্যবহার করে।
নাজিয়া বলেন, আমরা সিটে ৪৫ মিনিট বসে ছিলাম। তখন একজন কেবিন ক্রু এসে বলে, আমরা আপনাকে কিছু প্রশ্ন করবো। আপনাদের সব মালামাল নিয়ে নিন, এই ফ্লাইটে আপনারা যাচ্ছেন না।
এরপর ফ্রান্সের একজন পুলিশ কর্মকর্তা প্যারিস ভ্রমণের কারণ নিয়ে প্রশ্ন করে। জেরার পরে পুলিশ বলে, তাদের নিয়ে কোনো সমস্যা নেই এবং তাদেরকে প্রশ্ন করার মতোও কিছু নেই। এই দম্পতিকে বিমান থেকে নামিয়ে দেয়ায় মার্কিন পরিবহন বিভাগে ডেল্টা এয়ারলাইনসের বিরুদ্ধে ধর্মীয় বৈষম্যের অভিযোগ দায়ের করেছে কাউন্সিল অন আমেরিকান ইসলাম রিলেশন। এনডিটিভি।
