রাজশাহীর পবা উপজেলার ধর্মঘাটা এলাকায় অবৈধ সাপের খামারে বিষধর দুইটি চন্দ্রবোড়া সাপ রাখা হয়েছে। প্রতিবেশী দেশ ভারতে এই সাপ প্রচুর দেখা গেলেও বাংলাদেশে এই প্রজাতির সাপ বিলুপ্ত প্রায়।
গত সপ্তাহে সাপ দুইটিকে পবার খোলাবোনা চর থেকে ধরে আনা হয়েছে বলে জানা গেছে। জানা গেছে, পাঁচ বছরের বেশি সময় ধরে পবার ধর্মহাটার সাপের খামারটি বহাল তবিয়তে রয়েছে। সাপের খামারের মালিক বুরহান উদ্দিন বন্যপ্রাণী সংরক্ষণ আইনের মামরায় বর্তমানে কারাগারে রয়েছেন। তবে তার লোকজন সাপের খামারটি পরিচালনা করছেন। ওই খামারে বর্তমানে শতাধিক বিষধর সাপ রয়েছে। বিশেষ করে গোখরা সাপের সংখ্যাই বেশি বলে জানা গেছে। গবেষণার অংশ হিসেবে বুরহান উদ্দিন সাপের খামারটি গড়ে তোলেন। তবে স্থানীয় লোকজন জানান, সেখানে গবেষণার কোনো কাজই হয় না।
রাজশাহী বন্যপ্রাণী ও জীব-বৈচিত্র্য সংরক্ষণ অধিদপ্তর সূত্র জানা যায়, সাপের খামারটি অবৈধ। এ বিষয়ে সামাজিক বন বিভাগ খামারের মালিকের বিরুদ্ধে মামলা করেছিল। সেই মামলার রায় সরকারের পক্ষেই গিয়েছিল। তবে সাপগুলো নিরাপদে ছেড়ে দেয়ার জন্য যে জায়গার প্রয়োজন তা এখনো পাওয়া যায়নি। তাই ওই খামার মালিকের জিম্মায়ই সাপগুলো রাখা হয়েছে। যাতে সাপগুলো তারা দেখাশোনা করতে পারে।
এ ব্যাপারে বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ বিভাগের বিভাগীয় কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, ওই খামার এমনিতেই অবৈধ। তার উপরে যদি সেখানে নতুন করে সাপ রাখা হয় তাহলে বিষয়টি অন্যায় করেছে। এ বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
