নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় বাড়ির পাশে হাওরের ধানক্ষেত থেকে শনিবার হাবিবুর রহমান (১৯) নামে এক পোশাককর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। হাবিবুর রহমান উপজেলার মাসকা স্যুয়েটার ফ্যাক্টরিতে পোশাককর্মী হিসেবে চাকরি করতেন।
সে রোয়াইলবাড়ি ইউনিয়নের ফতেপুর কান্দাপাড়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে। পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার রাতের খাবার শেষে হাবিবুর রহমান তার ভাইয়ের সঙ্গে ঘুমিয়ে পড়ে। পরে সকালে তাকে বিছানায় না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুর“ করে। এদিকে স্থানীয় লোকজন গ্রামের হাওরের ধানক্ষেতে হাবিবুর রহমানের মৃতদেহ পড়ে থাকতে দেখে।
খবর পেয়ে কেন্দুয়া থানা পুলিশ শনিবার বিকেলে হাওরের ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করেছে। কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) অভিরঞ্জন দেব লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, ‘মৃতদেহে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে সঠিক রহস্য জানা যাবে’।
