চট্টগ্রামে ৫০ হাজার ইয়াবাসহ গ্রেফতার ২

আপডেট : ০৬ আগস্ট ২০১৬, ২১:৪০
নগরীর ফিরিঙ্গিবাজার এলাকা থেকে শনিবার ৫০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেফতার করেছে বলে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর (এনসিডি)।
গ্রেফতারকৃত নূরুল আবছার (৩২) ও আবুল কাশেম (৪২) জেলার আনোয়ারা উপজেলার গহিরা গ্রামের বাসিন্দা।
 
এনসিডি কোতোয়ালী জোনের পরিদর্শক ইব্রাহিম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ বেলা ৩টার দিকে ফিরিঙ্গিবাজার এলাকায় একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালায় চট্টগ্রাম মহানগর মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল।
 
এ সময় পিকআপ ভ্যানের ভেতর থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এনসিডি কর্মকর্তা জানান, তারা আনোয়ারা উপজেলার গহিরা গ্রাম থেকে এসব ট্যাবলেট নিয়ে আসে। নগরীর কোন মাদক ব্যবসায়ী চক্রের কাছে এগুলো হস্তান্তরের কথা ছিলো।
 
তিনি জানান, ইয়াবা প্রাপ্তির উৎসসহ আরো বিভিন্ন তথ্য সম্পর্কে জানার জন্য তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে।