কাশ্মিরে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত ৩, ফের উত্তেজনা বাড়ছে

আপডেট : ০৭ আগস্ট ২০১৬, ০০:৫৪
ভারত শাসিত কাশ্মিরে কারফিউ বহাল থাকার মধ্যেই পুলিশের সঙ্গে সংঘর্ষে তিন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ নিয়ে প্রতিবাদ বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে উপত্যকা। নিহতের মধ্যে একজন ছাত্র রয়েছেন। শুক্রবারের হতাহতের ঘটনার পর গতকাল শনিবার উপত্যকাজুড়ে দুই শতাধিক প্রতিবাদ বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এতে আহত হয়েছে ৩০০ জন। খবর এনডিটিভি’র
 
কাশ্মীরে গত ২৯ দিন ধরে কারফিউ জারি রয়েছে। শুক্রবারের সংঘর্ষে বুদগাম জেলার চাদোরা এলাকায় সংঘর্ষে ৪৫ বছর বয়সী মোহাম্মদ মকবুল নিহত হয়েছেন। এরপর সেখানে বড় ধরনের বিক্ষোভ অনুষ্ঠিত হয়। একই জেলার খানসাহেব এলাকায় জাহুর আহমেদ নামের একজন নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন। এছাড়া দানেশ রাসুল নামে দ্বাদশ শ্রেণির এক ছাত্র নিহত হয়েছেন।
 
চিনবা ভ্যালি এবং পির পঞ্জল অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে। গত চার সপ্তাহের সহিংসতায় পুলিশের গুলিতে ৫৫ জন নিহত এবং ৩ হাজার আহত হয়েছেন। শতাধিক মানুষ প্যালেট গানের গুলিতে তাদের চোখ হারিয়েছেন। এই সহিংসতা চলতে থাকলেও ভারতের কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টকে জানিয়েছে, কাশ্মীর পরিস্থিতির উন্নতি হয়েছে। কেন্দ্র জানিয়েছে, গত ৯ জুলাই ২০১টি প্রতিবাদ বিক্ষোভ হলেও ৩ আগষ্টে তা ১১টিতে নেমে এসেছে। কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এক টুইটার বার্তায় এই তথ্য জানিয়েছেন। তিনি এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেছেন। তিনি বলেছেন, কেন্দ্রের মতের সঙ্গে কেবল বিজেপি-পিডিপি সরকারই একমত পোষণ করতে পারে। তিনি কাশ্মীর পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নীরবতা নিয়ে প্রশ্ন তোলেন।