প্রতিনিয়ত স্মার্টফোনে যুক্ত হচ্ছে নতুন নতুন সুবিধা। এরই ধারাবাহিকতায় আরো কয়েকটি নতুন সুবিধা চুক্ত হতে চলেছে। ব্যবহারকারীদের সুবিধার্থে টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত সংবাদের সূত্র ধরে কয়েকটি সুবিধার কথা তুলে ধরা হলো—
নতুন অ্যাপ অ্যালার্ট অপশন :অ্যান্ড্রয়েড ৯ পাই পর্যন্ত কোনো অ্যাপে একটু বেশি সময় চাপ দিয়ে ধরলে ‘স্টপ নোটিফিকেশন’ ও ‘কিপ শোয়িং’ অপশন দেখা যেত। তবে অ্যান্ড্রয়েড কিউতে অ্যাপ অ্যালার্ট অপশনে পরিবর্তন আনা হয়েছে। কিউচালিত ডিভাইসের অ্যাপের ওপর একটু বেশি সময় চাপ দিয়ে ধরলে এখন আরো বেশি অপশন দেখতে পারবেন। এ অপশন থেকে কোন অ্যাপ কী পরিমাণ ব্যাটারি অপচয় করছে, তা জানা ও ব্লক করা যাবে।
নতুন অডিও-ভিডিও ফরম্যাট সমর্থন :বিভিন্ন ধরনের ভিডিও কন্টেন্ট দেখতে এখন মোবাইল ডিভাইস বেশি ব্যবহার হচ্ছে। যে কারণে জনপ্রিয় অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণে ওপেনসোর্স ভিডিও কোডেক এভি১ সমর্থন আনা হয়েছে। অর্থাত্ অ্যান্ড্রয়েড ডিভাইসে এখন উচ্চমানের ভিডিও কন্টেন্ট কম ব্যান্ডউইডথ ব্যবহার করে স্ট্রিমিং করার সুবিধা মিলবে।
নতুন ডেস্কটপ মোড :অ্যান্ড্রয়েড কিউ অপারেটিং সিস্টেমে নতুন ‘ডেস্কটপ মোড’ ফিচার এনেছে গুগল। অর্থাত্ কিউচালিত হ্যান্ডসেট এখন সহজে এক্সটার্নাল ডিসপ্লের সঙ্গে যুক্ত করে ব্যবহারের সুবিধা মিলবে।
ফোল্ডেবল স্ক্রিন সমর্থন :পূর্বাভাস অনুযায়ী অ্যান্ড্রয়েড কিউ অপারেটিং সিস্টেমে ফোল্ডেবল স্ক্রিন সমর্থন এনেছে গুগল। অ্যান্ড্রয়েডের এ সংস্করণ ফোল্ডেবল ডিভাইসে ব্যবহার করা হলে ইউআই পজিশন এবং হোম স্ক্রিন স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তন হবে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
