এই সময়ের ছড়া

ক্ষণে বাউল ক্ষণে ন্যাড়া

আপডেট : ২২ মার্চ ২০১৯, ২১:৩৭

দেশ ও জাতির সেবা করার সুযোগ চেয়ে

ব্যানার এবং পোস্টারে সব দেয় রে ছেয়ে,

এ যে বিশাল ধোঁকাবাজি

এ জগতে কে হয় রাজি

বনের মহিষ তাড়াতে বল নিজের খেয়ে?

 

চিনির লোভে পিঁপড়াগুলো গান ধরে গান

এই এলাকার মানুষগুলো আমারই প্রাণ,

সুখে-দুখে এদের পাশে

থাকব সদা ফেল বা পাসে

ক’দিন পরে জনগণের কান ধরে কান।

 

অধিকাংশের চোখ শুধু রয় গদির মাঝে

নেই কোনো মিল বক্তৃতা আর কথায় কাজে,

পাক্কা অভিনেতা এরা

ক্ষণে বাউল ক্ষণে ন্যাড়া

ভোটের আশায় ঘোরে তারা সাধুর সাজে।