জঙ্গি সন্দেহে আটক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইব্রাহীম ইবনে মোশাররফ বাংলাদেশ ও সৌদি আরবের দ্বৈত নাগরিক বলে জানা গেছে। তার জন্ম সৌদি আরবে। পাঁচ বছর বয়স পর্যন্ত তিনি সেখানে ছিলেন।
তার সহপাঠীরা জানান, বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলে ইব্রাহীমের আসন বরাদ্দ থাকলেও তিনি রাজধানীর কল্যাণপুরের বাসায় থাকতেন।
জঙ্গি সন্দেহে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আটক শিক্ষার্থীদের কাছ থেকে তথ্যের ভিত্তিতে শনিবার তাকে ডিবি পুলিশ আটক করে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
সূত্র জানায়, ইব্রাহীমকে আটক করার আগেই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জঙ্গি বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য অনুমতি নেয়া হয়েছিল। তবে তাকে আটকের বিষয়ে কিছু জানানো হয়নি।
শনিবার সাদা পোশাক পড়া পুলিশ সদস্যরা তাকে ক্লাস রুম থেকে জিজ্ঞাসাবাদের কথা বলে নিয়ে যায় বলে নিশ্চিত করেছেন আইআইটি ইনষ্টিটিউটের পরিচালক আক্কাস আলী।
জানা যায়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগে ২০১২-১৩ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন ইব্রাহীম। পরবর্তীতে তিনি ২০১৩-১৪ শিক্ষাবর্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আইআইটি বিভাগে ভর্তি হন।
এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহসিনুল কাদের বলেন, ‘আমরা ইব্রাহীমকে আটক করিনি। পুলিশের কোন বিশেষ শাখা আটক করেছে কিনা সেটা আমরা জানি না। এ ব্যাপারে আমাদেরকে কিছু জানানো হয়নি।’
ইত্তেফাক/কেকে
