পাঞ্জাবে আরএসএস নেতা গুলিবিদ্ধ, অবস্থা আশঙ্কাজনক

আপডেট : ০৭ আগস্ট ২০১৬, ১৩:২৭
 
ভারতের পাঞ্জাব রাজ্যের জলন্ধর শহরে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের (আরএসএস) জ্যেষ্ঠ নেতা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জগদিশ গগনেজা গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার রাতে মোটর সাইকেল যোগে আসা আততায়ীর গুলিতে তিনি আহত হন বলে জানিয়েছে পুলিশ।
 
গগনেজা আরএসএস-র পাঞ্জাব শাখার উপপ্রধান। স্ত্রীসহ নিজ গাড়িতে করে যাওয়ার সময় রাত ৯টার দিকে জলন্ধরের জ‌্যেতি চক এলাকায় তার ওপর হামলা চালানো হয়। তার শরীরে তিনটি গুলি লেগেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
 
সঙ্গে সঙ্গেই তাকে নিকটবর্তী হাসপাতালে নেয়া হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। হামলার বিষয়ে তদন্তের জন‌্য একটি বিশেষ তদন্ত দল গঠন করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় জড়িত কাউকে গ্রেফতার করা যায়নি।
 
এ হামলার পর দিল্লিতে আরএসএস-র সদর দফতরে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। গগনেজা যে হাসপাতালে ভর্তি আছেন সেখানেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। 
 
এ ঘটনায় দুঃখ প্রকাশ করে পাঞ্জাব প্রদেশের কংগ্রেস কমিটি প্রেসিডেন্ট আম্রিন্দার সিং বলেন, এ ধরণের ঘটনা অপ্রত্যাশিত। আরএসএস এর নীতিতে হয়ত মানুষ বিশ্বাসী নয়, কিন্তু গণতান্ত্রিক পরিবেশে প্রত্যেকের তার নিজ বিশ্বাস ও রাজনৈতিক নীতি গ্রহণের অধিকার রয়েছে। এনডিটিভি।