টেকসই পর্যটনের সঙ্গে তরুণদের সংযুক্ত করার বিষয়ে স্ট্রাইড বাংলাদেশের সঙ্গে যৌথভাবে মতবিনিময় সভার আয়োজন করে বাংলাদেশ পর্যটন বোর্ড। শনিবার পর্যটন বোর্ডের কনফারেন্স হলে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।
‘লিংকিং ইয়ুথ উইথ সাসটেইনেবল ট্যুরিজম’- শীর্ষক এই মতবিনিময় সভার উদ্দেশ্য ছিল জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সচেতনতা সৃষ্টির পাশাপাশি টেকসই পর্যটনের লক্ষ্য অর্জনের কর্মপরিকল্পনা ও সেখানে তরুণদের সংযুক্ত করা। আয়োজকরা এই মতবিনিময় সভায় পাওয়া বিভিন্ন দৃষ্টিভঙ্গি ও সুপারিশের সংকলন করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বাংলাদেশ পর্যটন বোর্ডের কাছে সেটি হস্তান্তর করবে।
বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, টেকসই পর্যটন নিশ্চিতে সরকারের বিভিন্ন পদক্ষেপের পাশাপাশি লক্ষ্য অর্জনে বিভিন্ন প্রতিবন্ধকতা তুলে ধরেন। তিনি আশা পোষণ করেন, তরুণদের ক্রমবর্ধমান অংশগ্রহণে এই খাত দারুণ উন্নতি করে দেশের বড় আয়ের উৎসে পরিণত হতে পারে।
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, পর্যটন বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আখতারুজ্জামান কবির, সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের সিনিয়র অ্যানালিস্ট ব্যারিস্টার শাহ আলি ফরহাদ ও ইউনেস্কোর প্রোগ্রাম অফিসার কিজি তাহনিন। এছাড়াও মতবিনিময় সভার আয়োজক ও আহ্বায়ক স্ট্রাইড বাংলাদেশের প্রতিষ্ঠাতা সিদ্ধার্থ গোস্বামী ও মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/এসএস
