জয় পেল আর্জেন্টিনা

আপডেট : ০৮ আগস্ট ২০১৬, ০৯:২৪
রিও অলিম্পিকের ফুটবলে প্রথম ম্যাচেই হেরে গিয়েছিল আর্জেন্টিনা। পর্তুগালের অলিম্পিক দলের কাছে ২-০ গোলে হেরে যায় তারা।
 
রবিবার রাতে গ্রুপপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হয় তারা। এদিন ১০ জন নিয়ে খেলেও জয় পেয়েছে আকাশি-নীল জার্সিধারীরা। ১০ জনের দল আলজেরিয়াকে ২-১ গোলে হারিয়ে অলিম্পিকের পরবর্তী রাউন্ডে যাওয়ার আশা টিকিয়ে রেখেছে আর্জেন্টিনা।
 
খেলার ৪৭ মিনিটে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন অ্যাঙ্গেল কোরেরা। এরপর বেশ কিছু সময় আর্জেন্টিনা ১-০ গোলে এগিয়ে ছিল। তবে পাল্টা আক্রমণের সুযোগ নিয়ে খেলার ৬৪ মিনিটের সময় ম্যাচে সমতা ফেরান আলজেরিয়ার সোফিয়ানে বেনদেবকা।
 
তবে খুব বেশি সময় আলজেরিয়া আর্জেন্টিনাকে ধরে রাখতে পারেনি। খেলার ৭০ মিনিটের মাথায় গোল করে দলের জয় নিশ্চিত করেন জোনাথন ক্যাল্লেরি।
 
তবে দুই দলেরই একজন করে ফুটবলার লাল কার্ড দেখার কারণে ১০ জন করেই খেলতে হয়েছে উভয় দলকে। প্রথমার্ধে ইনজুরি সময়ে ফাউল করে দ্বিতীয় বারের মত হলুদ কার্ড দেখেন আর্জেন্টিনার ভিক্টর কুয়েস্তা। এর আগে ৩৮ মিনিটের সময়ে তিনি দেখেন প্রথম হলুদ কার্ড। দুইবার হলুদ কার্ড দেখে ৬৭ মিনিটে মাঠ থেকে বিদায় নেন আয়ুব আবদেল্লাওই।
 
দিনের অন্য ম্যাচে জার্মানিকে রুখে দিয়েছে কোরিয়া। ৩-৩ গোলে ড্র হয়েছে ওই ম্যাচ। পর্তুগাল ২-১ গোলে হারিয়েছে হন্ডুরাসকে। এদিকে ফিজির জালে পাঁচ গোল দিয়েছে মেক্সিকো। ৫-১ গোলের বড় ব্যবধানে ফিজিকে পরাজিত করেছে মেক্সিকো।
 
গ্রুপপর্বের শেষ ম্যাচে হন্ডুরাসের মুখোমুখি হবে আর্জেন্টিনা। হন্ডুরাসের পয়েন্টও আর্জেন্টিনার সমান (৩ পয়েন্ট)। সেক্ষেত্রে শেষ ম্যাচে জিতেই পরবর্তী রাউন্ডে যেতে হবে আর্জেন্টিনাকে। অন্যদিকে হন্ডুরাস তাদের সঙ্গে কোনোভাবে ড্র করতে পারলেই পরবর্তী রাউন্ডের টিকিট পাবে।
 
অবশ্য ‘ডি’ গ্রুপ থেকে ইতিমধ্যে পরবর্তী রাউন্ডে এক পা দিয়ে রেখেছে পর্তুগাল। শেষ ম্যাচে তারা আলজেরিয়ার মুখোমুখি হবে।
 
 
 
ইত্তেফাক/কেকে/এমআই