বালাগঞ্জে ধর্ষণে জড়িতদের গ্রেফতার দাবিতে মানববন্ধন

আপডেট : ২২ মার্চ ২০১৯, ২১:৪৭

বালাগঞ্জে ৭ম শ্রেণির মাদ্রাসা ছাত্রীকে দলবেধে ধর্ষণের ঘটনায় জড়িদের দ্রুত গ্রেফতার করে ফাঁসির দণ্ড কার্যকর করার দাবিতে সিলেটে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সিলেট নগরীর কোর্ট পয়েন্ট থেকে জেলা পরিষদ পর্যন্ত অনুষ্ঠিত মানববন্ধনে বালাগঞ্জের গহরপুর এলাকার দশটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে উপস্থিত হন। মানববন্ধন শেষে একই দাবিতে সিলেটের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট স্মারকলিপি দেওয়া হয়। মানববন্ধনে ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, মেয়েটির ভবিষ্যত্ নিয়ে তার পরিবার-পরিজন উদ্বিগ্ন রয়েছেন এবং পরিবারের নিরাপত্তা নিয়েও প্রশ্ন ওঠেছে। সে শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে এমনকি তার পড়ালেখাও বন্ধ রয়েছে। প্রমাণ থাকা সত্ত্বেও অপরাধীদের ধরতে পুলিশ প্রশাসন টালবাহানা করছে। এসময় শিশুটিকে নির্যাতনকারী সকল অপরাধীকে প্রেফতার করে তাদের ফাঁসি নিশ্চিত করার দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তৃতা করেন, অ্যাডভোকেট জুয়েল আহমদ, এনায়েতুর রহমার রাজু, মুক্তিযোদ্ধা রাজিউল ইসলাম তালুকদার রাজু, শহিদুর রহমান জুনু, এবিএম মাহমুদুল হাসান সিদ্দিকী, হারুন মিয়া, আছলম খা, খালেদ মিয়া, ময়নুল হক, ছমির মিয়া, মাও: ফয়জুর রহমান, আব্দুল হামিদ, তজমুল আরী, শামীম আহমদ, রায়হান আহমদ, মাও: ছালাম, শাহীনুর পাশা, প্রমুখ।

প্রসঙ্গত, গত বছরের ২২ নভেম্বর রাত ৮টার দিকে উপজেলার শিওর খাল গ্রামের ৭ম শ্রেণির ওই মাদ্রাসা ছাত্রীকে নিজ ঘর থেকে জোর করে উঠিয়ে নিয়ে পরিত্যক্ত খড়ের ঘরে ধর্ষণ করে প্রতিবেশী বখাটেরা। এই ঘটনায় ভিকটিমের পিতা বাদি হয়ে ২৩ নভেম্বর রাতে বালাগঞ্জ থানায় মামলা দায়ের করেন।