প্রথম রাউন্ড থেকেই জোকোভিচের বিদায়

আপডেট : ০৮ আগস্ট ২০১৬, ১৫:৪০
আর্জেন্টাইন হুয়ান মার্টিন ডেল পোত্রোর কাছে পরাজিত হয়ে রিও অলিম্পিকের প্রথম রাউন্ড থেকেই বিদায় ঘটেছে বিশ্বের এক নম্বর খেলোয়াড় নোভাক জোকোভিচের। আকস্মিক এই পরাজয়ে নিজের আবেগ ধরে রাখতে পারেননি সার্বিয়ান এই তারকা। কোর্ট থেকে বের হবার সময় তাকে কাঁদতে দেখা গেছে।
 
২০০৯ সালের ইউএস ওপেন বিজয়ী ডেল পোত্রো ৭-৬ (৭/৪), ৭-৬ (৭/২) গেমে শীর্ষ বাছাই জকোভিচকে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। দীর্ঘদিনের কব্জির ইনজুরির কারনে অবসরের দ্বারপ্রান্তে থাকা ডেল পোত্রো ম্যাচ শেষে বলেছেন এটাই তার ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় জয়। চার বছর আগে লন্ডন অলিম্পিকেও জকোভিচকে হারিয়ে ব্রোঞ্জ পদক জয় করেছিলেন দীর্ঘদেহী এই আর্জেন্টাইন। ২০১০ সালে বিশ্ব র‌্যাঙ্কিংয়ে চার নম্বরে ওঠার পরে ডেল পোত্রোর বর্তমান অবস্থান ১৪৫তম।
 
২০১০ সালে প্রথমবারের মত কব্জিতে অস্ত্রোপচারের পরে ২০১৪ ও ২০১৫ সালে পরপর দু’বার অস্ত্রোপচার হয়। এই সময়ের মধ্যে তিনি মাত্র ছয়টি ইভেন্টে অংশ নিতে পেরেছেন। দারুন এই জয়ের পরে ২৭ বছর বয়সী ডেল পোত্রো বলেছেন,‘ গতবারের থেকেও এই জয়টা বড়। কারন আমি জানি তিনটি অস্ত্রোপচারের পরে পুনরায় ফিরে আসাটা কতটা কঠিন। আজ আমি ক্যারিয়ারের অন্যতম সেরা একটি ম্যাচ খেলেছি।’
 
অথচ রবিবার দিনের শুরুটা মোটেই ভাল ছিল না ডেল পোত্রোর জন্য। এ্যাথলেট ভিলেজে এলিভেটরে প্রায় ৪০ মিনিট আটকে থাকার পরে আর্জেন্টাইন হ্যান্ডবল দলের সহায়তায় তিনি সেখান থেকে বের হতে সক্ষম হন। কিন্তু এই ঘটনা তাকে মোটেই বিচলিত করেনি। দারুন সব শক্তিশালি স্ট্রোকে তিনি একের পর এক জকোভিচকে পরাস্ত করেছেন। দ্বিতীয় রাউন্ডে তার প্রতিপক্ষ পর্তুগালের হুয়াও সোসা।
 
এদিকে জোকোভিচ বলেছেন, ‘আজকের জয়টা ডেল পোত্রোরই পাওনা ছিল। সে দারুন খেলেছে। যদিও এত তাড়াতাড়ি টুর্নামেন্ট থেকে ছিটকে পড়াটা সত্যিই হতাশাজনক। কিন্তু আমি খুশি যে ইনজুরির সাথে প্রতিনিয়ত লড়াই করা আমার একজন ভাল বন্ধু ম্যাচটি জিতেছে।’
 
মহিলাদের বিভাগে স্বপ্ন ভঙ্গ হয়েছে সেরেনা ও ভেনাস উইলিয়ামসের। ২০০০ সালে সিডনি, ২০০৮ সালে বেইজিং ও চার বছর আগে লন্ডন অলিম্পিকে ডাবলসে স্বর্ণজয়ী এই দুই বোন একটু আগে ভাগেই অলিম্পিক থেকে বিদায় নিয়েছেন। চেক জুটি লুসি সাফারোভা ও বারবোডা স্ট্রাইকোভার কাছে ৬-২, ৬-৪ গেমের সরাসরি সেটে পরাজিত হয়ে উইলিয়ামস বোনদ্বয় বিদায় নেন। ম্যাচ শেষে ভেনাস বলেছেন তিনি এবং তার বোন সেরেনা এখন ইউএস ওপেনের দিকে নজর দিবেন।
 
জোকোভিচের বিদায়ের দিনে পুরুষদের সিঙ্গেলসে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন বর্তমান অলিম্পিক চ্যাম্পিয়ন এন্ডি মারে ও ২০০৮ অলিম্পিক চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল। উইম্বলডন বিজয়ী মারে সার্বিয়ার ভিক্টোর ট্রোয়িসকির বিপক্ষে ৬-৩, ৬-২ গেমের জয় তুলে নিয়েছেন। অল ইংল্যান্ড ক্লাবে শিরোপা জেতার পরে এটাই ছিল মারের প্রথম ম্যাচ। এদিকে আর্জেন্টাইন ফেডেরিকো ডেলবোনিসকে ৬-২, ৬-১ গেমে পরাজিত করে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছেন স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল।