নোয়াখালী জেলা শহর মাইজদীর প্রধান সড়কের উপর ও দুইপাশে অবৈধভাবে গড়ে উঠা স্থাপনাগুলো উচ্ছেদ শুরু করেছে সড়ক ও জনপথ বিভাগ।
সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের মাইজদী বাজার থেকে পৌর বাজার এলাকা পর্যন্ত দুই কিলোকিটার জুড়ে এ উচ্ছেদ অভিযান চলে।
এ সময় সড়কের দুই পাশে দুই শতাধিক অবৈধ দোকানপাট, বিভিন্ন সংগঠনের কার্যালয়, পরিবহণ কাউন্টার ও সাইনবোর্ডসহ বিভিন্ন ধরনের স্থাপনা বোল্ডড্রেজার দিয়ে গুড়িয়ে দেয়া হয়।
অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বারমান হোসেন এবং সড়ক ও জনপথ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী পিন্টু চাকমা।
সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জাহেদ হোসেন বলেন, ‘মঙ্গলবার শহরের সোনাপুর পর্যন্ত আরো তিন কিলোমিটার সড়কের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। জেলা শহরকে যানজট মুক্ত রাখতে এবং ফুটপাতগুলোকে দখলমুক্ত করে পথচারীদের চলাচলে সুবিধার্থে এই উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে।’
ইত্তেফাক/এএসএমইউ
