বিএনপির পদবঞ্চিত নেতাদের জন্য এখনই কোনো সুসংবাদ নেই। তাদের আগামী কাউন্সিল পর্যন্ত অপেক্ষা করার পরামর্শ দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর সোমবার প্রথমবারের মতো দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।
পদবঞ্চিতদের প্রসঙ্গে বিএনপি মহসচিব বলেন, ‘এই মুহূর্তে কোনো প্রশ্নই ওঠে না। কারণ কমিটি ঘোষণা হয়ে গেছে। কোনো ব্যক্তি বা কেউ যদি মনে করেন, আমি বঞ্চিত হয়েছি, তাহলে তার উচিত্ হবে অপেক্ষা করা পরবর্তী কাউন্সিলের জন্য।’
গত শনিবার সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটি, ৭৩ সদস্যের উপদেষ্টা কাউন্সিল ও ৫০২ সদস্যের জাতীয় নির্বাহী কমিটি ঘোষণার পরপরই উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালু এবং সহ প্রচার সম্পাদক শামীমুর রহমান শামীম পদত্যাগের ঘোষণা দেন। আরও অনেক নেতা নিজেদের অসন্তোষের কথা জানিয়ে গণমাধ্যমে মুখ খোলেন।
নতুন কমিটি নিয়ে ক্ষোভ-বিক্ষোভের প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, গত ১৯ মার্চ জাতীয় কাউন্সিলে দল খালেদা জিয়াকে কার্যনির্বাহী কমিটি গঠনের দায়িত্ব দিয়েছিল। সেই অনুযায়ী তিনি পূর্ণাঙ্গ কমিটি করে দিয়েছেন। এ কমিটি নিয়েই বিএনপি আগামী তিন বছর রাজনৈতিক কর্মসূচি পালন করবে।
তিনি বলেন, প্রতিটি রাজনৈতিক দলের যখন একটা কমিটি করা হয়, তখন দেখা যাবে সেখানে কিছু সংখ্যক যোগ্য মানুষও পদবঞ্চিত হচ্ছেন। এটা স্বাভাবিক যে, এতো যোগ্য লোকের সংখ্যা থাকে, সবাইকে অ্যাকোমোডেট করা সম্ভব হয় না। সেই দিক থেকে বিএনপিতে স্বাভাবিকভাবে সবাইকে অ্যাকোমোডেট করা সম্ভব হয় নাই আমাদের চেয়ারপারসনের।
ইত্তেফাক/এএম।
