যারা জঙ্গি হামলাকে রক্তাক্ত অভ্যুত্থান বলে তাদের সাথে ঐক্য নয়: নাসিম

আপডেট : ০৮ আগস্ট ২০১৬, ১৯:৩৮
 
 
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, যারা জঙ্গি হামলাকে রক্তাক্ত অভ্যুত্থান এবং হামলার পর সরকারের পদত্যাগ দাবি করে নির্বাচন দাবি করে তাদের সাথে আওয়ামী লীগের কোনো ঐক্য হতে পারে না।
 
কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে বাংলাদেশ ছাত্রলীগের উদ্যোগে বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন্নেসা মুজিবের ৮৬তম এবং শহীদ শেখ কামালের ৬৭তম জম্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
 
বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি মো. সাইফুর রহমান সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. আব্দুল মান্নান চৌধুরী এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য র আ ম উবায়দুল মোক্তাদির চৌধুরী এমপি।
 
মোহাম্মদ নাসিম বলেন, রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা জঙ্গিদের বিরুদ্ধে রুখে দাড়ানোর জন্য সকলের প্রতি আহবান জানিয়েছিলেন। আর বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া এ হামলাকে রক্তাক্ত অভ্যুত্থান হিসেবে উল্লেখ করেছেন।
 
তিনি বলেন, কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদ জামায়াতে জঙ্গি হামলার পর বেগম খালেদা জিয়া ঈদ শুভেচ্ছার নামে নতুন শাড়ী পড়ে সরকারকে পদত্যাগ করে নির্বাচন দেয়ার দাবি জানিয়েছেন। আর তার এ ধরনের দাবির মাধ্যমে প্রমাণ হয়, জঙ্গী হামলার সাথে নির্বাচনের সম্পর্ক রয়েছে।

ইত্তেফাক/এএম।