বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

আপডেট : ০৯ আগস্ট ২০১৬, ১২:৩০
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন। নিহত নুরুল আমিন (৩৫) উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের খেতারচর এলাকার মোকছেদ আলীর ছেলে।
 
মঙ্গলবার ভোর চারটার দিকে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের খেতারচর সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলারের কাছে ঘটনাটি ঘটে।
 
বিজিবি জানায়, ব্যবসায়ী নুরুল আজ ভোরে ভারত থেকে গরু নিয়ে বাংলাদেশে ফিরছিলেন। ভারতের অভ্যন্তরে দীপচর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে ঘটনাস্থলেই তিনি মারা যান।
 
নিহতের পরিবারের দাবি, মঙ্গলবার ভোরে দুই বন্ধুর সঙ্গে নুরুল আমিন মাছ ধরার জন্য সীমান্ত লাগোয়া জিঞ্জিরাম নদীতে গিয়েছিলেন। বিএসএফ বিনা কারণে তাদের লক্ষ্য করে হত্যা করেছে।
 
বর্ডার গার্ড বাংলাদেশ-৩৫ (বিজিবি) ব্যাটালিয়নের দাঁতভাঙ্গা ফাঁড়ির কমান্ডার সুবেদার আব্দুল আজিজ জানান, এ ঘটনার প্রতিবাদে বিএসএফকে চিঠি দেয়া হয়েছে। একই সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।
 
 
 
ইত্তেফাক/এএসএমইউ/এমআই