ইন্ডাস্ট্রিতে আগে সিনেমা নির্মাণ প্রয়োজন, এরপর সংগঠন

আপডেট : ২২ মার্চ ২০১৯, ২১:৫৫

মিশা সওদাগর। একজন অভিনেতা পরিচয়ের পাশাপাশি শিল্পী সমিতির সভাপতির পরিচয়টাও বর্তমানে তার। সম্প্রতি ইন্ডাস্ট্রির আলোচিত বিষয় হলো বন্ধের ঘোষণা। সেই প্রসঙ্গের পাশাপাশি বর্তমানে তার ব্যস্ততা নিয়ে কথা বললেন বিনোদন প্রতিদিনের সাথে। সাক্ষাত্কার নিয়েছেন মোস্তাফিজ মিঠু

ঈদের ছবি নিয়ে প্রায় সবাই এখন ব্যস্ত রয়েছেন। আপনার ঈদের ছবি ও অন্যান্য ব্যস্ততা প্রসঙ্গে শুরুতে জানতে চাইবো—

ঈদে একটি ছবির মুক্তির কথা জানি। ছবিটির নাম ‘পাসওয়ার্ড’। মালেক আফসারী পরিচালিত ছবিটিতে আরো রয়েছেন শাকিব খান, বুবলী, ইমন ছাড়া আরো অনেকে। এছাড়াও ‘একটু প্রেম দরকার’ ও ‘শাহেনশাহ’ ছবিতে কাজ করলাম। পাশাপাশি ‘আমার মা আমার বেহেস্ত’, ‘স্নেহের বাঁধন’ ছবিগুলো নিয়ে ব্যস্ত আছি।

 

ঢাকাই সিনেমায় নায়ক-ভিলেন জুটি হিসেবে শাকিব খান ও আপনার জনপ্রিয়তা অনেক। তবুও মাঝে আপনাদের একসাথে দেখা যায়নি। আবারো শাকিব খানের সাথে বেশ কয়েকটি ছবিতে কাজ করছেন। মাঝের এই বিরতির কারণ কী?

শাকিবের সাথে কাজ না করার কোনো কারণ নেই। বিষয়টি নিয়ে নেতিবাচক ভাবার কিছু নেই। শাকিব মাঝে যৌথ প্রযোজনার ছবিতে ব্যস্ত ছিল। আমি যৌথ প্রযোজনার ছবি করবো না বলেছিলাম। আর যেগুলোতে তার সাথে আমি কাজ করছি সেগুলো দেশের একক প্রোডাকশন। তাই আবারো কাজ করা হচ্ছে।

 

হল মালিক সমিতি হল বন্ধের ঘোষণা দিয়েছে। তাদের এই সিদ্ধান্তে আপনার মন্তব্য কী?

এগুলো হল মালিক ও প্রযোজকদের বিষয়। আমাদের কাজ অভিনয় করা। তাই এ বিষয় নিয়ে আমার মনে হয় তাদের মন্তব্য প্রয়োজন।

 

হল মালিকরা দেশের বাইরের ছবি মুক্তির দাবি তুলেছেন। আপনি এই দাবি কতটুকু যৌক্তিক মনে করেন?

আমাদের আগে প্রয়োজন ছবি। ছবি নির্মাণ হলে হল বাঁচবে। তাই বলে বিদেশি ছবি মুক্তি সমাধান বলে মনে করি না। এখানে প্রযোজক ও হল মালিকদের বসা প্রয়োজন। পাশাপাশি সরকারের সহযোগিতা দরকার।

 

শিল্পী সমিতির নির্বাচন এ বছরে। এ নিয়ে কোনো প্রস্তুতি শুরু করেছে কি-না?

সংগঠনের নির্বাচন সঠিক সময়ে হবে। তবে এখনো কোনো প্রস্তুতি নেওয়া হয়নি। আর ইন্ডাস্ট্রিতে আগে সিনেমা নির্মাণ প্রয়োজন, এরপর সংগঠন। সিনেমা নির্মিত না হলে সংগঠন দিয়ে কী করবো।