পূর্বধলায় যুবলীগ নেতা খুন, আটক-৩

আপডেট : ০৯ আগস্ট ২০১৬, ১৬:৫৬
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় তুলা মিয়া নামে এক যুবলীগ নেতা খুন হয়েছেন।
 
তিনি উপজেলার হোগলা ইউনিয়নের জামিরাকান্দা গ্রামের মৃত মোখলেছুর রহমানের ছেলে। তুলা মিয়া হোগলা ইউনিয়নের যুবলীগের যুগ্ম আহ্বায়ক।
 
সোমবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার হোগলা চৌরাস্তা এলাকায় হওয়া এ ঘটনায় মঙ্গলবার সকালে উপজেলার নিজ হোগলা গ্রামের মোসলেম উদ্দিন (৫৭), আবুল কাসেম (৫৫) ও বাদশা মিয়া (৪৫) নামে তিন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
 
এলাকাবাসী ও পুলিশ জানায়, সোমবার রাতে তুলা মিয়া স্থানীয় হোগলা বাজার থেকে তার পাশের বাড়ির বাচ্চু মিয়া নামে এক যুবককে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। হোগলা চৌরাস্তা এলাকার হামিদ মন্ডলের বাড়ির পাশে পৌঁছালে পূর্ব পরিকল্পিতভাবে ওঁৎ পেতে থাকা একই এলাকার বুলবুল মীর (৩৫) ও তার কয়েকজন সঙ্গী মোটরসাইকেলটির গতিরোধ করে। এ সময় মোটরসাইকেলে থাকা তুলা মিয়াকে তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। দুর্বৃত্তদের হামলায় এ সময় বাচ্চু মিয়াও আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আশংকাজনক অবস্থায় তুলা মিয়াকে রাতেই জেলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।
 
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত দুই বছর আগে নিজ হোগলা গ্রামের বুলবুল মীরের সঙ্গে তুলা মিয়ার সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় তুলা মিয়া পিটিয়ে ও কুপিয়ে বুলবুল মীরকে গুরুতর আহত করে। এ নিয়ে দুই পক্ষের মামলাও চলছিল। ধারনা করা হচ্ছে, এরই জের ধরে এ ঘটনা ঘটেছে।