চলমান রিও অলিম্পিকে নিজের ইভেন্টগুলো দেখার জন্য টুইটারে ভক্ত, সমর্থক ও বন্ধুবান্ধবের প্রতি আহ্বান জানিয়েছেন বিশ্বের দ্রুততম মানব উসাইন বোল্ট। ১০০, ২০০ ও ৪০০ মিটার রিলেতে স্বর্ণ জিতে ইতিহাস সৃষ্টির ঘোষণা দিয়েছেন তিনি। রিও জেনিরোতে সেই ইতিহাসের সাক্ষী হবার জন্য ভক্ত সমর্থকদের প্রতি অনুরোধ জানান বোল্ট।
২০০৮ সালে বেইজিং ও ২০১২ সালে লন্ডন অলিম্পিকেও এই ইভেন্টগুলোতে স্বর্ণ জিতেছিলেন বোল্ট। এবার গলায় তিনটি স্বর্ণ ঝুলাতে পারলেই ট্রেবল জিতবেন তিনি।
ট্রেবল জয়ের ব্যাপারে আশাবাদী বোল্ট বলেছেন, রিওতে সবকয়টি স্বর্ণ জিতব আমি। তাই তোমাদের বলছি, রিওতে আসো। আমার খেলা দেখো এবং আনন্দ উপভোগ করো। কারণ আমি তোমাদের হতাশ করবো না। আনন্দ-উল্লাস করতে করতে একসাথে বাড়ি ফিরব।
তিনি বলেন, আমি ইতিহাস সৃষ্টি করব। এতে কোন সন্দেহ নেই। তিন স্বর্ণ জিততেই এখানে এসেছি। এমন ইতিহাসের সাক্ষী হতে পারলে তোমাদেরই ভালো লাগবে। কারণ তোমরা আমাকে ভালোবাসো। সেই ভালোবাসার প্রতিদান আমি এখানেও দিতে চাই।
১৩ আগস্ট ১০০ ও ১৬ আগস্ট ২০০ মিটারের লড়াইয়ে নামবেন ২৯ বছর বয়সী বোল্ট। আর ১৮ আগস্ট ৪০০ মিটার রিলে দিয়ে রিও অলিম্পিক শেষ করবেন তিনি।-বাসস।
ইত্তেফাক/এএসএস
