গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাব গণবিরোধী: বিএনপি

আপডেট : ০৯ আগস্ট ২০১৬, ১৫:৩১
 
আবাসিক ব্যবহারকারীদের গ্যাসের দাম দ্বিগুণ বৃদ্ধির প্রস্তাবকে ‘গণবিরোধী’ আখ্যায়িত করেছে বিএনপি। একই সঙ্গে ঐ প্রস্তাব প্রত্যাহারের আহ্বান জানিয়েছে দলটি। 
 
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বিএনপির নতুন কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, এখন গ্যাসের দাম বাড়ানো হলে তা হবে জনগণের জীবনযাত্রায় ‘মরার ওপর খাঁড়ার ঘা’।
 
তিনি বলেন, গ্যাসের মূল্য বৃদ্ধি দেশের সামগ্রিক অর্থনীতি ও মানুষের জীবনযাত্রার ওপর কী প্রভাব ফেলবে- সে বিষয়ে সকল স্টেকহোল্ডারদের মতামতের ভিত্তিতে পূর্ণাঙ্গ সমীক্ষা না করে গ্যাসের দাম বাড়ানো হবে চরম খামখেয়ালিপনা।
 
বর্তমানে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (টিজিসিএল) বার্ষিক মুনাফা ৪০০ কোটি টাকা জানিয়ে আলাল বলেন, এই প্রতিষ্ঠান লোকসানী প্রতিষ্ঠান নয়। তাহলে কেন আরও মুনাফার জন্য জনগণের ওপর মূল্যবৃদ্ধি চাপিয়ে দেয়া হবে? এ নিয়ে আমরা উদ্বিগ্ন, চিন্তিত। আমরা এর প্রতিবাদ করি।
 
অন্যদের মধ্যে বিএনপির সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন জীবন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, সহ সম্পাদক আবদুস সালাম আজাদ, আসাদুল করিম শাহিন প্রমুখ উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/এএসএস