রাজধানীতে ২৯ মাদক ব্যবসায়ীর দণ্ড

আপডেট : ০৯ আগস্ট ২০১৬, ১৮:১৬
 
ডিএমপির কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটি) সোমবার রাতে রাজধানীর সবুজবাগ থানার কমলাপুর স্কুল এন্ড কলেজের সামনে অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের কাছ থেকে তিন লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং মাদক ব্যবসায় ব্যবহূত একটি প্রাইভেটকার আটক করা হয়। এছাড়া ঢাকা মহানগর পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে আটক করা হয় ২৯ জন্য মাদক ব্যবসায়ীকে। ভ্রাম্যমান আদালত তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন।
 
গ্রেপ্তাররা হল- কক্সবাজার জেলার মহেশখালী থানার গোরোক ঘাটা গ্রামের এস এম সালাহউদ্দিন, কুমিল্লার জেলার নাঙ্গলকোর্ট থানার সাতবাড়িয়া গ্রামের মো. জাকির এবং কক্সবাজার জেলার মহেশখালী থানার বড় মহেশখালী (বড় ডেইল) গ্রামের মো. খায়রুল আমিন।
 
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানায়, তারা অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় সরবরাহ করে থাকে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সবুজবাগ থানায় মামলা দায়ের করা হয়েছে।
 
২৯ মাদক ব্যবসায়ীর দণ্ড
 
রাজধানী বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩৮ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এদের মধ্যে ২৯ জনকে তাত্ক্ষণিক কারাদণ্ড দিয়েছে ডিএমপির ভ্রাম্যমাণ আদালত।
 
সোমবার থেকে মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযানটি পরিচালনা করা হয় বলে জানিয়েছে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ। অভিযানে উপস্থিত ছিলেন ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান।
 
এ সময় মাদক ব্যবসায়ীদের হেফাজত থেকে ইয়াবা ট্যাবলেট,  হেরোইন, ইনজেকশন, দেশি মদ ও গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

ইত্তেফাক/এএম।