একটি চুরির অভিযোগ জানাতে চেয়েছিলেন ইউরোপে বেড়াতে আসা চীনের একজন পর্যটক। কিন্তু ভুল করে তিনি শরণার্থী হিসেবে আবেদন করে বসেন। এরপর প্রায় দুই সপ্তাহ তাকে একটি শরণার্থী হোস্টেলে থাকতে হয়। কারণ কেউ তার ভাষা বুঝতে পারছিল না।
চীনের উত্তরাঞ্চল থেকে আসা ওই পর্যটক ইউরোপ ঘুরতে বেরিয়েছেন। জার্মানির পর ইতালি এবং ফ্রান্সে যাওয়ার কথা ছিল তার। এর মধ্যে তিনি ওয়ালেট হারিয়ে ফেলায় থানায় অভিযোগ জানাতে গিয়েছিলেন। জার্মান বা ইংরেজি কোন ভাষাই বলতে না পারায় ভুল করে তিনি শরণার্থী হিসেবে নাম লিখিয়ে ফেলেন। এরপর তাকে অভিবাসীদের একটি দলের সঙ্গে ডোয়েলমেন শহরের অভিবাসী হোস্টেলে নিয়ে আসা হয়।
জার্মান গণমাধ্যম বলছে, ৩১ বছর বয়সী ওই পর্যটকের শারীরিক পরীক্ষা করা হয় এবং তার আঙুলের ছাপও নেওয়া হয়। যখন তার পাসপোর্ট ও ভিসা নিয়ে নেয় কর্তৃপক্ষ, তখনো তিনি আপত্তি করেননি।
শরণার্থীদের একটি হোস্টেলে তাকে থাকতে দেওয়া হয়, খাবার এবং হাতখরচও দেওয়া হয়। সেখানে প্রায় দুই সপ্তাহ তিনি থাকেন।
হোস্টেলের একজন কর্মকর্তা বলছেন, অন্য শরণার্থীদের তুলনায় তাকে অন্য রকমের মনে হতো। তাকে বেশ অসহায় লাগত। তবে সব সমস্যার সমাধান হয়, যখন শরণার্থী হোস্টেলের কাছেই একজন অনুবাদককে পাওয়া যায়। তিনি কর্মকর্তাদের কাছে তুলে ধরেন যে তিনি আসলে শরণার্থী নন, বরং ইউরোপে বেড়াতে এসেছেন। পরে স্টুটগার্টে তার হারিয়ে যাওয়া ওয়ালেটটিও পাওয়া যায়। এরপর তার শরণার্থী আবেদনটি স্থগিত করা হয়। এখন তিনি আবার তার ইউরোপ সফর শুরু করছেন। -বিবিসি
